চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন, দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে তাঁদের বাধা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দিয়েছেন তাঁরা। তবে কারা বাধা দিচ্ছে চিঠিতে সুনির্দিষ্টভাবে তা উল্লেখ করেননি তাঁরা।
চিঠিতে সভাপতি রাশেদ মনোয়ার ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন অভিযোগ করেন, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁদের দুজনের ইউনিয়ন যথাক্রমে বড়লিয়া ও শোভনদণ্ডীতে তৃণমূলের প্রস্তাবিত ইউপি চেয়ারম্যান প্রার্থীর নাম কেন্দ্রে জমা না দিয়ে অন্য প্রার্থীর নাম জমা দেওয়া হয়। প্রতিকারের আশায় বিষয়টি লিখিতভাবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অবহিত করা হয়। ইউপি নির্বাচনের পর গত ২৯ মে থেকে তাঁরা নানামুখী ষড়যন্ত্র ও রোষানলের শিকার হচ্ছেন।
দুই নেতা চিঠির অনুলিপি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আমিনুল ইসলামকেও দিয়েছেন।
ক্ষমতার অপপ্রয়োগ করে সাংগঠনিক কর্মকাণ্ডে বাধা প্রদান, প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে তাঁদের রাখা করা হচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করেন দুই নেতা। চিঠিতে আরও বলা হয়, ক্ষমতার অপব্যবহারকারীদের ইশারায় গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচির প্যান্ডেল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর করা হয় এবং ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলা হয়। সন্ত্রাসীরা অনুষ্ঠানে বাধা দেয়। সম্প্রতি সাংসদের সৌজন্যে ‘ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান’-এ মেজবান দিয়ে তৃণমূল নেতাদের ডেকে উপজেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অনাস্থা জ্ঞাপনের নামে পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়।
চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার। ক্ষমতার অপব্যবহারকারী কারা জানতে চাইলে তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যাঁরা ক্ষমতায় আছেন তাঁরাই।’ তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের লিখিত অভিযোগ পাইনি। তবে মৌখিকভাবে বিষয়টি জেনেছি। এ বিষয়ে সমঝোতা করার চেষ্টা করছি। যদি না হয় তখন সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের চিঠির বিষয়ে মন্তব্য জানতে গতকাল রাতে স্থানীয় সাংসদ সামশুল হক চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। বেশ কয়েকবার রিং হলেও ফোন ধরেননি তিনি।