জয়পুরহাট জেলা বিএনপির সভাপতি কারাগারে। মামলার কারণে আত্মগোপনে অন্য শীর্ষস্থানীয় নেতারা। মাঠে নেতারা না থাকায় নিষ্ক্রিয় হয়ে পড়েছেন মাঠপর্যায়ের নেতা-কর্মীরা। ফলে দলের ঘাঁটি বলে পরিচিত এই জেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমেও নেমেছে স্থবিরতা।
জেলা বিএনপির কয়েকজন নেতা দল ঐক্যবদ্ধ আছে দাবি করলেও সম্প্রতি মাঠপর্যায়ের বেশ কিছু নেতা-কর্মী যোগ দিয়েছেন আওয়ামী লীগে।
জেলা বিএনপির সূত্র বলেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর থেকে এ পর্যন্ত জেলায় বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে ২৬টির মতো। নাশকতার এসব মামলায় বিএনপির শীর্ষ প্রায় সব নেতাকেই আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামির সংখ্যাও কয়েক শ। আর ২০১৩ সালের ২৮ মার্চ জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার পর থেকে এ পর্যন্ত বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ৯৪টি মামলা হয়েছে। মামলা থাকলেও চলতি বছরের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপির নেতা-কর্মীরা মাঠে ছিলেন। বিভিন্ন কর্মসূচিও পালিত হয়েছে। কিন্তু ২২ ফেব্রুয়ারি জেলা শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে আওয়ামী লীগের নেতৃত্বে শান্তি সমাবেশে ককটেল হামলার পর পরিস্থিতি বদলে যায়।
ওই ককটেল হামলায় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী আহত হন। এ ঘটনায় জয়পুরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী সদর থানায় জেলা বিএনপির সভাপতি মোজাহার আলী প্রধান, সহসভাপতি গোলজার হোসেনসহ শীর্ষ ও সক্রিয় নেতাদের বিরুদ্ধে মামলা করেন। এরপর গ্রেপ্তার এড়াতে জেলা বিএনপির নেতারা গা ঢাকা দেন। অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তারের ভয়ে সক্রিয় নেতা-কর্মীরাও সাংগঠনিক কার্যক্রম থেকে দূরে সরে থাকেন। সেই থেকে বিএনপি পথে নামেনি। দলের জেলা কার্যালয়েও তেমন কাউকে দেখা যায়নি। এ অবস্থায় দিকনির্দেশনা না পেয়ে হতাশ হয়ে মাঠপর্যায়ের নেতা-কর্মীরাও নিষ্ক্রিয় হয়ে পড়েন। ফলে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা নেমে আসে। তবে রমজান মাসের আগে থেকে ওই কার্যালয় খোলা হচ্ছে। মামলা না থাকা দু-একজন নেতা ও কয়েকজন কর্মী সেখানে যাচ্ছেন। তবে স্থবিরতা কাটছে না।
জেলা বিএনপির সভাপতি ও জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনের সাবেক সাংসদ মোজাহার আলী প্রধান গত ২৭ জুলাই আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। মামলা থাকা অন্য নেতারা আত্মগোপনে আছেন।
সম্প্রতি ক্ষেতলালের বড়তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন, পৌর কমিটির কার্যকরী সদস্য তছলিম উদ্দিন, দেলোয়ার হোসেন, ক্ষেতলাল পৌরসভার কাউন্সিলর আবদুল আজিজ মণ্ডল, যুবদল নেতা সোহেল রানা, জয়পুরহাট পৌর শ্রমিক দলের আহ্বায়ক গোলাম মতুর্জা, আক্কেলপুর পৌর কাউন্সিলর মামুনুর রশিদ চৌধুরী, কাউন্সিলর আবুল কালাম আজাদসহ বেশ কিছু নেতা-কর্মী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ (ক্ষেতলাল-কালাই-আক্কেলপুর) আসনের সাংসদ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
তবে জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও জয়পুরহাট-২ আসনের সাবেক সাংসদ গোলাম মোস্তফা দাবি করেন, যাঁরা যোগ দিয়েছেন, তাঁরা আগেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাঁদের যোগদানে বিএনপির কোনো ক্ষতি হবে না।
মোজাহার আলী প্রধান আদালতে আত্মসমর্পণ করার কয়েক দিন আগে তাঁর সঙ্গে মুঠোফোনে প্রথম আলোর কথা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, মামলা ও পুলিশি হয়রানির ভয়ে নেতা-কর্মীরা বাড়িতেও থাকতে পারছেন না। মিথ্যা ও হয়রানিমূলক মামলা থাকায় তিনিও আত্মগোপনে আছেন। এ অবস্থায়ও তাঁরা বিভিন্নভাবে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মনোবল ধরে রাখার পাশাপাশি দলকে সাংগঠনিকভাবে গোছানোর চেষ্টা চালাচ্ছেন। বেশ কিছু নেতা-কর্মীর আওয়ামী লীগে যোগদান প্রসঙ্গে তিনি বলেছিলেন, বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল এবং এ জেলা হলো বিএনপির ঘাঁটি। গুটিকয়েক নেতা-কর্মী দল ছেড়ে গেলেও বিএনপির কোনো ক্ষতি হবে না।
দলীয় সূত্র বলেছে, জেলা বিএনপির সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয় ২০০৯ সালের ২৯ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে। তবে সেদিন কমিটি হয়নি। পরে কেন্দ্র থেকে মোজাহার আলী প্রধানকে সভাপতি, গোলাম মোস্তফাকে সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক করে চিঠি পাঠানো হয়। ওই তিনজনসহ ১৬০ সদস্যের পূর্ণাঙ্গ জেলা কমিটি ২০১৪ সালের ১৯ নভেম্বর কেন্দ্র থেকে অনুমোদন পায়।
নাম প্রকাশে অনিচ্ছুক মাঠপর্যায়ের কয়েকজন নেতা অভিযোগ করেন, দলের এ দুর্দিনে কয়েকজন নেতা সরকারি দলের সঙ্গে আঁতাত করে নিরাপদে আছেন।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমান বলেন, সরকারের অন্যায় নির্যাতনে বর্তমানে বিএনপির সংকটময় মুহূর্তেও তাঁদের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ আছেন। এরই মধ্যে জেলা কার্যালয়ে শহীদ জিয়ার মৃত্যুবার্ষিকী পালন ছাড়াও পুরো রমজান মাসে জেলা কার্যালয়ে নিয়মিত ইফতার পার্টি এবং পুরো জেলার নেতা-কর্মীদের নিয়ে ৬ জুলাই শহরের পৌর কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিল হয়। এতে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।