সভাপতি খোকা, সম্পাদক অনল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে গতকাল বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম l প্রথম আলো
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে গতকাল বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম l প্রথম আলো

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন সভাপতি হিসেবে ছাবেদুর রহমান খোকা সিকদার ও সাধারণ সম্পাদক হিসেবে অনল কুমার দের নাম ঘোষণা করেছেন।
এর আগে শরীয়তপুর স্টেডিয়ামে দুপুর ১২টার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ত্রিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
সম্মেলনে সাজেদা চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের স্বাধীনতায় ইন্দিরা গান্ধী সহযোগিতা করেছেন। অনেকে এটা স্বীকার করেন না। মুক্তিযোদ্ধাদের সক্রিয় থাকতে হবে, যারা দেশের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের রুখে দাঁড়াতে হবে। আমি বাঙালি, বাংলা আমার দেশ—এটা ধারণ করতে হবে। যারা এটা মানে না, তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। সবাইকে সংঘবদ্ধ হয়ে এই বাংলাকে বাঙালির বাংলাদেশ করে রাখতে হবে।’

খোকা সিকদার ও অনল কুমার দে
খোকা সিকদার ও অনল কুমার দে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেছেন, ‘সময়মতো সম্মেলন হওয়া উচিত। দীর্ঘদিন সম্মেলন না করার অভ্যাস থেকে আমাদের বের হয়ে আসতে হবে। গত ১৩ বছরে আমরা বেশ কিছু নতুন নেতৃত্ব পেতাম। সম্মেলন না হওয়ায় অনেক মেধাবী নেতৃত্ব বঞ্চিত হয়েছে। ভবিষ্যতে যাতে এ রকম না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।’
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিশ্বব্যাংক দুর্নীতির মিথ্যা অভিযোগে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। সেই বিশ্বব্যাংকের প্রধান কিছুদিন আগে স্বল্পোন্নত দেশগুলোকে কীভাবে উন্নত করতে হয়, সেটা জানার জন্য বাংলাদেশ থেকে পরামর্শ নেওয়ার জন্য বলেছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়া এখনো পাকিস্তানের আদর্শ, চিন্তা ও চেতনা ধারণ ও লালন করেন। আজ সেই খালেদার নেতৃত্বে আবার অপশক্তি ঐক্যবদ্ধ হয়ে এ সরকারের উন্নয়নকে ম্লান করে দেওয়ার চক্রান্তে লিপ্ত রয়েছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন এক-এগারোর কুশীলবেরা। এক-এগারোর সময় যাঁরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন, আজ সেই মাহ্ফুজ আনামদের মুখোশ উন্মোচিত হয়েছে। মাহ্ফুজ আনাম এক-এগারোর সময় মিথ্যা সংবাদ পরিবেশন করে আমাদের সভানেত্রী শেখ হাসিনার চরিত্র হনন করেছিলেন। মাহ্ফুজ আনাম স্বীকার করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে সংবাদ পরিবেশন ভুল ছিল।’
শরীয়তপুর জেলা আওয়ামী লীগের বিদায়ী সভাপতি আবদুর রব মুন্সির সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহম্মেদ হোসেন ও বি এম মোজাম্মেল হক, সাংসদ শওকত আলী, ফারুক খান, আবদুর রহমান, নাহিম রাজ্জাক, নাভানা আক্তার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, শরীয়তপুর জেলা পরিষদের প্রশাসক মজিবুর রহমান প্রমুখ।