দীর্ঘ আট বছর পর সম্মেলন হলেও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টিতে নতুন নেতৃত্ব আসেনি।
সমঝোতার মাধ্যমে আবারও মো. ছালেম সভাপতি ও মো. ইউছুফ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার উপজেলার একটি হোটেলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণজেলার আহ্বায়ক সামশুল আলম মাস্টার।
৭১ সদস্যের কমিটির সাংগঠনিক সম্পাদক পদে এসছেন জাহাঙ্গীর আলম, সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. আলমগীর।
সম্মেলনে বক্তারা বলেন, বাতাসে আজ পোড়া মানুষের গন্ধ। তাই মানুষকে এখন বিকল্প চিন্তা করতে হবে। দুই দল দেশকে এবং দেশের মানুষকে গভীর সংকটে ফেলেছে।
বক্তারা বলেন, এক নেত্রী ক্ষমতায় যাওয়ার জন্য এবং অন্যজন ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা চালাচ্ছেন। দেশের মানুষের কথা কেউ চিন্তা করছেন না।
অনুষ্ঠানে বক্তব্য দেন রফিক আহমদ, অজিত নন্দী, মো. মিয়া চৌধুরী, মো. নূরুচ্ছফা সরকার, সিরাজুল ইসলাম, আমান উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় পার্টি সঙ্গে থাকলে হয় তেঁতুলের আঁচার, আর জোটে না থাকলে হয় স্বৈরাচার। জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতার স্বাদ পাবে না।