সভাপতি পদে আ.লীগ, সাধারণ সম্পাদক পেল বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-জামায়াত-সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মোট ১৯টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতিসহ ১০টি পদে জয়ী হয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াত-সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক পদসহ নয়টিতে জয় পেয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা তৃতীয় প্যানেল মুক্তিযুদ্ধের সপক্ষের সমমনা আইনজীবী সংসদের কোনো প্রার্থী জয়ী হতে পারেননি। গত মঙ্গলবার ভোট গ্রহণের পর রাত একটায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়।
নির্বাচন কর্মকর্তা মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, ৩ হাজার ৪০১ জন ভোটারের মধ্যে ২ হাজার ৮৫৬ জন ভোট দিয়েছেন। বৃহস্পতিবার নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করবে।
ফখরুদ্দিন চৌধুরী জানান, নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সমন্বয় পরিষদের মুজিবুল হক ১ হাজার ৪১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্য পরিষদের মো. কফিল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ১৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের এনামুল হক ১ হাজার ২২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের মেজবাহ উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯০৬ ভোট।
জ্যেষ্ঠ সহসভাপতি পদে ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ, সহসভাপতি পদে ঐক্য পরিষদের আফাজুর রহমান, সহসম্পাদক পদে সমন্বয় পরিষদের প্রতীক কুমার দেব, অর্থ সম্পাদক পদে সমন্বয়ের পাপড়ি সুলতানা, পাঠাগার সম্পাদক পদে ঐক্য পরিষদের শওকত আওয়াল চৌধুরী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে ঐক্য পরিষদের হাছান মাহমুদ চৌধুরী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সমন্বয়ের সিরাজদ্দৌলা চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্যের ১০টি পদের মধ্যে সমন্বয় পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন এইচ এম রায়হান চৌধুরী, মোশাররফ হোসেন, ফিরোজ উদ্দিন, মমতাজ বেগম, জিনাত সোহানা চৌধুরী ও দিদারুল আলম। ঐক্য পরিষদের বিজয়ীরা হলেন হেলাল উদ্দিন, মাশকুরা বেগম, রবিউল হোসেন ও রফিকুল আলম।
নির্বাচনে ১৯টি পদের জন্য সমন্বয়, সমমনা ও ঐক্য পরিষদের ৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি পদে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচন করেন।