রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছে। নির্বাচনে মোট ২১টি পদের মধ্যে তারা সাধারণ সম্পাদকসহ ১৫টি পদে জয়লাভ করেছে। তবে সভাপতি পদে দুই প্যানেলের প্রার্থীই সমানসংখ্যক ভোট পেয়েছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্রার্থীদের মধ্যে জয় পেয়েছেন পাঁচজন। গত বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচন শেষে রাত সাড়ে ১০টার দিকে এই ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার এ বি এম মশিউজ্জামান।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে বিজয়ীরা হলেন সাধারণ সম্পাদক একরামুল হক, সহসভাপতি সুনির্মল সাহা, সৈয়দা মর্জিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজী শওকত সালেহীন, হিসাব সম্পাদক আখতারুল আলম, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আলী, অডিট সম্পাদক হেলাল আহমেদ, প্রেস অ্যান্ড ইনফরমেশন সম্পাদক জালাল উদ্দীন এবং সদস্য মুনসুর রহমান, আসির উদ্দীন, শফিকুল ইসলাম, মিজানুর রহমান, ইমাম হাসান, শেখ তোজাম্মেল আহমেদ ও সাদিকুল ইসলাম।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ থেকে নির্বাচিতরা হলেন সহসভাপতি জানে আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নূর-এ-কামরুজ্জামান ইরান, ম্যাগাজিন অ্যান্ড কালচার সম্পাদক মনোয়ারা বেগম এবং সদস্য আমজাদ হোসেন ও মোজাম্মেল হক।
নির্বাচন কমিশনার এ বি এম মশিউজ্জামান বলেন, সভাপতি পদে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী লোকমান আলী ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী মোজাম্মেল হক ২৫৪টি করে ভোট পেয়েছেন। টাই হওয়ায় আগামী রোববার ভোট পুনঃগণনা করা হবে। তবে এতে আবারও দুজনের ভোট সমান হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হয়। পরে ভোট গণনা করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়। ভোট গ্রহণ করা হয় আদালত চত্বরের ১ নম্বর বার ভবনে। মোট ১৫টি বুথে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে ৫৫৪ জন ভোটার ছিলেন।