নির্ধারিত সময়ের মধ্যে সম্মেলন করতে পারেনি মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। ফলে কেন্দ্র থেকে কমিটি গঠনের জন্য আগ্রহী সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। এতে সভাপতি পদে ১৬ ও সাধারণ সম্পাদক পদে ৬৫ জন নেতা-কর্মী তাঁদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিয়েছেন।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি ২০ জুনের মধ্যে জেলা ছাত্রলীগ কমিটিকে সম্মেলন করার নির্দেশ দেয়। কিন্তু জেলা কমিটি এই সময়সীমার মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হয়। এ কারণে কেন্দ্রীয় কমিটি মৌলভীবাজার জেলা কমিটি গঠনের উদ্যোগ নেয়। আহ্বান করা হয় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত। সেই লক্ষ্যে গত মঙ্গলবার ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপপ্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, সহসম্পাদক নজরুল ইসলাম ও মো. সুমন মৌলভীবাজার সাংগঠনিক সফর করেন। এদিন জেলা ছাত্রলীগের ১৬ নেতা-কর্মী সভাপতি ও ৬৫ জন নেতা-কর্মী সাধারণ সম্পাদক পদে তাঁদের জীবনবৃত্তান্ত কেন্দ্রীয় কমিটির কাছে জমা দেন। জীবনবৃত্তান্ত জমাদানকারীদের শর্ত ছিল, তাঁদের ছাত্র হতে হবে, বয়স সর্বোচ্চ ২৯ ও অবিবাহিত হতে হবে। চাকরিজীবী হওয়া যাবে না।
এ ব্যাপারে রাশেদুল ইসলাম গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘২০ জুনের মধ্যে সম্মেলন করতে না পারায় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিয়ে গেলাম। জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই করা হবে। এরপর কেন্দ্রীয় কমিটি, জেলা আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে নতুন কমিটি করা হবে। দু-এক দিনের মধ্যে আগের কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা করা হবে।’
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় কমিটি জেলা ছাত্রলীগের সভাপতি পদে মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক পদে হোসেন মোহাম্মদ ওয়াহেদ সৈকত ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে জুবায়ের আহমদের নাম ঘোষণা করে। কিন্তু অভ্যন্তরীণ বিরোধে প্রায় পাঁচ বছরেও জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রলীগের কয়েকজন সাবেক ও বর্তমান নেতা-কর্মী জানান, সহযোগী সংগঠন হিসেবে জেলা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রভাব পড়েছে ছাত্রলীগে। জেলা আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত। এ কারণে ছাত্রলীগও দুই ভাগ হয়েছে। যে জন্য প্রায় পাঁচ বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা যায়নি।
এ ব্যাপারে মোহাম্মদ জাকারিয়া প্রথম আলোকে বলেন, রোজার মাঝে সম্মেলন করা কঠিন। এ জন্য সম্মেলন করা যায়নি। এখন কেন্দ্র থেকে কমিটি ঘোষণা করা হবে।