সভাপতি মতিউর, সাধারণ সম্পাদক এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ১৯ বছর পর সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানকেই কমিটির সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এনামুল কবির ওরফে ইমনকে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে দুই সদস্যের এই কমিটির ঘোষণা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। সুনামগঞ্জ পৌর শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এ সম্মেলন হয়।
সম্মেলনের প্রধান অতিথি সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনার স্বপ্ন হচ্ছে দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এ জন্য আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। আওয়ামী লীগ শক্তিশালী হলেই শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে।
জেলা সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, তিন বছর পরপর সম্মেলন হওয়ায় কথা। কিন্তু ১৮-১৯ পরে সম্মেলন হচ্ছে। যদি সময়মতো সম্মেলন হতো তাহলে আরও ছয়জন সভাপতি ও ছয়জন সাধারণ সম্পাদক হতে পারতেন। নির্ধারিত সময়ে সম্মেলন না হওয়ার কারণে নেতৃত্বে জট তৈরি হয়।
কমিটির দুই নেতার নাম ঘোষণার আগে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘সুনামগঞ্জে আসার আগের দিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার কাছে দুটি নাম দিয়ে বলেছেন, আমি যেন তাঁর পক্ষ থেকে এই নাম দুটি আপনাদের সামনে প্রস্তাব করি। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব। আশা করি, আপনারা সবাই নাম দুটি গ্রহণ করবেন।’
সম্মেলন ঘিরে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে শহর ছেয়ে যায়। অতিথিদের স্বাগত জানিয়ে জেলা শহরের বিভিন্ন স্থানে নির্মাণ করা হয় অসংখ্য তোরণ। সকাল থেকে শহরের ডিএস রোড, স্টেশন রোডে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সম্মেলন স্থলে আসেন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদার সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংসদ হাছান মাহমুদ, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুইয়া, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।
মাহবুব উল আলম হানিফ তাঁর বক্তব্যে বলেন, ‘তারেক রহমান মুফতি হান্নান, আবদুর রহমান, বাংলা ভাইকে নিয়ে দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল। একদিকে জঙ্গি আর অন্যদিকে দুর্নীতি—এই দুইয়ে মিলে দেশ অন্ধকারে চলে গিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছে।’
হাছান মাহমুদ তাঁর বক্তৃতায় বলেন, ‘জনগণ না চাইলে আওয়ামী লীগ এক মিনিটও ক্ষমতায় থাকবে না। উন্নয়নের স্বার্থেই ক্ষমতার ধারাবাহিকতা দরকার। এ জন্য আওয়ামী লীগকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে হবে। জনগণ চাইলে আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে।’
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ১৯৯৭ সালে। মতিউর রহমান ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে গত নয় বছর দায়িত্ব পালন করেন। নুরুল হুদা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন ১৫ বছর।
হাতাহাতি ও হট্টগোল
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে স্লোগান দেওয়া নিয়ে দফায় দফায় হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। সম্মেলনের মঞ্চ ছেড়ে অতিথিরা চলের যাওয়ার সময় মঞ্চের নিচে চেয়ার ভাঙচুর করেন কিছু নেতা-কর্মী।
শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনস্থলে অতিথিরা আসার পর নেতা-কর্মীরা স্লোগান দেওয়া নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে পুলিশ তাঁদের লাঠিপেটা করে পরিস্থিতি শান্ত করে। এরপর একইভাবে আরও কয়েকবার সম্মেলনস্থলে এ ঘটনা ঘটে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ বক্তব্য দেন। মাহবুব উল আলম হানিফ তাঁর বক্তব্যে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এর আগে আরও অনেক জেলায় সম্মেলনে গিয়েছি। কিন্তু এত বিশৃঙ্খল অবস্থা কোনো জেলায় দেখিনি। স্লোগান দিয়ে নেতা বানানো যায় না। এতে নেতার ক্ষতি হয়। স্লোগান হবে শুধু বঙ্গবন্ধু আর শেখ হাসিনার নামে।’
সৈয়দ আশরাফুল ইসলাম নতুন কমিটির সভাপতি হিসেবে ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে এনামুল কবিরের নাম ঘোষণা দেন।
নাম ঘোষণার পর মঞ্চ থেকে অতিথিরা নেমে যাওয়ার সময় একদল নেতা-কর্মী চেয়ার ভাঙচুর করেন।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. হারুন অর রশিদ বলেন, সম্মেলনস্থলে তিন শতাধিক পুলিশ মোতায়েন ছিল। ছোটখাটো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।