আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে (কোতোয়ালি-বাকলিয়া) বিএনপি থেকে প্রার্থী হওয়ার লড়াইয়ে শামিল হয়েছেন তিন নেতা। প্রথম দুজন নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম। তৃতীয়জন ২০০৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া শামসুল আলম। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হলেও ধনাঢ্য ব্যবসায়ী হিসেবেই বেশি পরিচিত তিনি। চট্টগ্রামভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্সের কর্ণধার শামসুল আলম।
২০০৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে চট্টগ্রামের আন্দরকিল্লায় শামসুল আলমের গাড়ি তল্লাশি করে ৪১ লাখ টাকা জব্দ করেছিল পুলিশ। ভোটারদের মধ্যে বিলি করার জন্য এ টাকা পরিবহন করা হচ্ছিল বলে তখন অভিযোগ ওঠে। বিএনপির নীতিনির্ধারকেরাও তখন এতে বিব্রত হন। ওই ঘটনা সারা দেশে ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব ফেলেছিল বলে এখনো দলের অনেক নেতা-কর্মী মনে করেন। তাঁরা বলেন, ভোটের আগের রাতের ওই ঘটনার মাশুল দিতে হয়েছে দলকে।
সেদিনের ঘটনার বিষয়ে শামসুল আলম প্রথম আলোকে বলেন, তখন একটি ঘটনা ঘটে গেছে। ওই টাকা নির্বাচনী কাজে ব্যবহারের জন্য বহন করা হয়নি। টাকাগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠানের ছিল। ওই টাকার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক ছিল না।
২০০৮ সালের নির্বাচনে শামসুল আলম আওয়ামী লীগের প্রার্থী নুরুল ইসলামের (বর্তমানে প্রবাসীকল্যাণমন্ত্রী) কাছে হেরে যান। আগামী নির্বাচনেও বিএনপি থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদী তিনি।
এ বিষয়ে নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন বলেন, শামসুল আলমের নাম ঋণখেলাপির তালিকায় রয়েছে। তাঁকে কেন মনোনয়ন দেওয়ার ঝুঁকি নেবে বিএনপি?
এ বিষয়ে শামসুল আলম বলেন, ‘আমার প্রতিষ্ঠান ঋণখেলাপি। আমার নামে ব্যাংকে কোনো ঋণ নেই।’
প্রার্থীতার বিষয়ে শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হওয়ার আগে দলীয় প্রধানের (খালেদা জিয়া) সঙ্গে তাঁর কথা হয়। দল তাঁকে কোতোয়ালি ও বাকলিয়া থানার নেতৃত্ব ঠিক করতে দায়িত্ব দেয়। তাই এই আসনে তিনিই বিএনপির প্রার্থী।
শাহাদাতের বক্তব্যের বিষয়ে শামসুল আলম বলেন, ‘কোতোয়ালি-বাকলিয়ায় কে বিএনপির মনোনয়ন পাবেন, সেটা শাহাদাত সাহেব কী করে জানলেন? এই আসনে বিএনপির হয়ে নির্বাচন আমি করব। ১০০ ভাগ নিশ্চিত করে বলতে পারি, মনোনয়ন আমি পাব।’
দলীয় মনোনয়ন নিয়ে দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যের বিষয়ে বাকলিয়া থানা বিএনপির কর্মী আবদুর রব বলেন, দল যাঁকেই মনোনয়ন দেবে, তাঁর জন্য কর্মীরা কাজ করবেন।
এদিকে নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেমও দলীয় মনোনয়ন পেতে কাজ করছেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘নগরে বড় দায়িত্ব পেয়েছি। সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে।’