বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থিতার ফরম বিতরণ শুরু হবে আগামীকাল রোববার থেকে। জেলা কমিটি থেকে কাউন্সিলরদের তালিকা পাঠানোর সময় ১০ জুলাই থেকে বাড়িয়ে ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটির জাতীয় সম্মেলন হবে আগামী ২৫ ও ২৬ জুলাই। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান।
জাতীয় এ সম্মেলনেই নির্বাচিত করা হবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে বলা হয়, ১২ জুলাই বেলা ১১টা থেকে ১৫ জুলাই বিকেল ৪টা পর্যন্ত প্রার্থিতার ফরম বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলবে। পদ প্রত্যাশী ব্যক্তিরা ব্যাংক হিসাব বা নির্বাচন কমিশনের কাছে তিন হাজার টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করতে পারবেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের প্রার্থিতা ফরমের সঙ্গে এসএসসি পাসের মূল সনদের ফটোকপিসহ সব শিক্ষাগত যোগ্যতার সনদ এবং বর্তমান শিক্ষাপ্রতিষ্ঠান ও নিয়মিত ছাত্রত্বের প্রত্যয়ন পত্রসহ সদ্য তোলা তিন কপি ছবি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন বর্তমান কমিটির সহসভাপতি সুমন কুণ্ডু, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও দপ্তর সম্পাদক শেখ রাসেল।
ছাত্রলীগের সভাপতি তাঁর বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠুভাবে ছাত্রলীগের নেতৃত্ব নির্বাচন করা হবে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের বিধিনিষেধের কারণে প্রধানমন্ত্রী ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদে নেই। তবে কাগজে কলমে না হলেও বঙ্গবন্ধুর কন্যাই এই সংগঠনের সাংগঠনিক নেত্রী বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির, সাংগঠনিক সম্পাদক এস এম তরিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রমুখ।