সভাপতি, সম্পাদক পদে সেই পুরোনো মুখ
সমঝোতার মাধ্যমে খুলনা মহানগর আওয়ামী লীগের কাউন্সিলে (সম্মেলন) এবারও সভাপতি পদে তালুকদার আবদুল খালেক ও সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার শহরের সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আবারও নির্বাচিত দুজনই সাংসদ। গত শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা-উপজেলা পর্যায়ে কোনো সাংসদকে নতুন করে দলের পদ গ্রহণের চেষ্টা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন।
২০০৪ সালে এর আগে নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীরা বলছেন, দীর্ঘ ১০ বছর পর সম্মেলন হওয়ায় ভোটাভুটির মাধ্যমে এবার নেতা নির্বাচন হবেন, এমনটা আশা করেছিলেন তাঁরা।
সভাপতি পদে কাউন্সিলে বাগেরহাট-২ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেকের কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না। তবে সাধারণ সম্পাদক পদে খুলনা-২ আসনের সাংসদ মিজানুর রহমানের বিপক্ষে প্রার্থিতা ঘোষণা করেছিলেন সদর আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও মহানগর যুবলীগের আহ্বায়ক সরদার আনিসুর রহমান।
কিন্তু সম্মেলনে সমঝোতার মাধ্যমে মিজানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এবারের কমিটি ৭১ সদস্যের হবে।
উদ্বোধনী বক্তৃতায় শেখ সেলিম বলেন, ‘যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, জিয়া তাদের আশ্রয় দিয়ে এ দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। আর খালেদা জিয়া তাদের এ দেশে মন্ত্রী তৈরি করে স্বাধীন বাংলাদেশকে কলঙ্কিত করেছে।’ তিনি বলেন, ‘সে (জিয়া) মুক্তিযোদ্ধার আবরণে ছিল পাকিস্তানের এজেন্ট, আমরা তা বুঝতে পারিনি। হাওয়া ভবনে বসে শেখ হাসিনাকে মারার জন্য গ্রেনেড হামলার প্রস্তুতি নেওয়া হয়েছিল।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেকের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ, যুগ্ম সম্পাদক সাংসদ মাহবুব উল আলম হানিফ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আফজাল হোসেন, নড়াইল জেলা পরিষদের প্রশাসক সুভাষ চন্দ্র বোস, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ প্রমুখ।