সভাপতি-সম্পাদক পদে ২৪২ জনের মনোনয়নপত্র সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য ২৪২ জন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটা পর্যন্ত এই মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় ছিল।
সন্ধ্যায় নির্বাচন কমিশনার শেখ রাসেল প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত সভাপতি পদের জন্য ৮০ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ১৬২ জন মনোনয়ন পত্র কিনেছেন। আগামীকাল (আজ) বৃহস্পতিবার পদপ্রার্থীদের ছাত্রত্ব ও বয়স যাচাই করা হবে। প্রতিটি মনোনয়নপত্রের দাম তিন হাজার টাকা। মনোনয়নপত্র বিক্রির অর্থ প্রধানমন্ত্রীর তহবিলে দেওয়া হবে।
১২ জুলাই থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২৫ ও ২৬ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হবে। এতে উদ্বোধন পর্বে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল প্যান্ডেল ও মঞ্চ তৈরি করা হচ্ছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জয়দেব নন্দী বলেন, ‘এখন শুধু সম্মেলনের কাঙ্ক্ষিত ক্ষণের অপেক্ষা। মূল মঞ্চের কাজ চলছে, আজকালের মধ্যে সেটা সম্পন্ন হবে।’