চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনীতি: জেলা বিএনপি
সভাপতি, সাধারণ সম্পাদক দুই মেরুতে, অন্যরাও বিভক্ত
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক দুই বছর ধরে বেশির ভাগ সময় এলাকায় অনুপস্থিত। সভাপতি এলাকায়ই থাকেন। তবে সভাপতি ও সাধারণ সম্পাদকের অবস্থান দুই মেরুতে। এর প্রভাবে বাকি নেতা-কর্মীরাও বিভক্ত। আছে নানা উপদল। ফলে দলে কোন্দল নানামুখী।
দক্ষিণ জেলা বিএনপির অবস্থা সম্পর্কে জানতে চাইলে একাধিক নেতা এসব কথা বললেন। তাঁরা বলেন, দক্ষিণ জেলা বিএনপির দুই ধারার একটিতে আছেন সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী। আরেকটি ধারার নেতৃত্ব দিচ্ছেন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ গাজী শাহজাহান জুয়েল। সভাপতির বিরুদ্ধে অভিযোগ, তিনি দলে ব্যবসায়ীদের ঢুকিয়েছেন, মাঠের নেতাদের অবমূল্যায়ন করেছেন। অবশ্য শাহজাহান জুয়েলও ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বিএনপির নেতাদের অভিযোগ, দুই বছর ধরে বেশির ভাগ সময় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক কানাডায় থাকছেন। মাঝেমধ্যে এলাকায় আসেন, গত ঈদে কয়েক দিনের জন্য এসেছিলেন। তবে সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী এলাকায় আছেন। দুজন দুই মেরুর। এর আগে দলের বেশির ভাগ কর্মসূচিতে তাঁদের একসঙ্গে দেখা যায়নি। সাধারণ সম্পাদক দলে নিজের শক্তিশালী বলয় তৈরি করেছেন। তাঁর সমর্থকেরাও শক্তিশালী অবস্থানে রয়েছেন। তবে কোন্দলের কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে।
জাফরুল ইসলাম চৌধুরী বলেন, তিনি মাঠ ছাড়েননি। সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছেন।
সাধারণ সম্পাদকের অনুপস্থিতির কারণে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা বলে অভিযোগ করলেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাধারণ সম্পাদক মাঝেমধ্যে দেশে এসে আবার কানাডায় চলে যান। তাঁর অনুপস্থিতিতে সভাপতি এককভাবে দলের হাল ধরেছেন।’
তবে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি বদরুল খায়ের বলেন, ‘গাজী শাহজাহান স্থায়ীভাবে বিদেশে থাকছেন না। তিনি নিয়মিত এলাকায় আসেন। দলীয় নেতা-কর্মীদের খোঁজ নেন। মামলা-মোকদ্দমার খরচও দেন। বরং সভাপতিকে আমরা কাছে পাই না। তিনি দলের ভেতরে ব্যবসায়ীদের অনুপ্রবেশ ঘটিয়ে সাংগঠনিক বিশৃঙ্খলা বাড়িয়ে দিয়েছেন। মাঠে-ময়দানের নেতাদের তিনি অবমূল্যায়ন করেছেন।’ কমিটিতে থাকা ব্যবসায়ী কারা, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বলা ঠিক হবে না। কারণ, আমি কারও বিরাগভাজন হতে চাই না। তবে এ-ও সত্য, ওই ব্যবসায়ীরা টাকার লোভ দেখিয়ে তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে অপতৎপরতা চালাচ্ছেন। এসরেব জের আমাদের টানতে হচ্ছে।’
এ বিষয়ে জাফরুল ইসলাম চৌধুরী বলেন, ‘দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে আমরা রাজনীতি করি। আমাদের রাজনীতি জনকল্যাণের জন্য। কিন্তু ব্যবসা করে সংসার চালাই। আর যিনি কেবল রাজনীতি করেন তাঁর পেশা চাঁদাবাজি করা। ওরা কি চাঁদাবাজ রাজনীতিবিদ পছন্দ করে? চাঁদাবাজি হচ্ছে জনগণের ওপর জুলুম চালানোর মতো।’
দলীয় সূত্র বলেছে, ২০১১ সালের নভেম্বরে ১৫১ সদস্যের দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। সভাপতি ও সম্পাদকের বিভক্তির প্রভাব পড়েছে দক্ষিণ জেলার সাতটি উপজেলা, একটি থানা ও পাঁচটি পৌরসভাতেও। এগুলোর নেতা-কর্মীরাও দুই নেতার পক্ষে-বিপক্ষে বিভক্ত।
দক্ষিণ জেলা বিএনপির একাধিক নেতা বলেছেন, দক্ষিণ চট্টগ্রামের বিএনপিতে কমপক্ষে ১০টি উপদলীয় ধারা সৃষ্টি হয়েছে। প্রতিটি উপদলীয় ধারায় একজন করে নেতা নেতৃত্ব দিচ্ছেন। তাঁরা হলেন সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজাম, দক্ষিণ জেলার জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সহসভাপতি এনামুল হক, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, ইফতেখার মহসীন চৌধুরী, মিজানুল হক চৌধুরী, যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান ও বদরুল খায়ের, দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিয়াকত আলী চৌধুরী ও বর্তমান সভাপতি জসিম উদ্দিন।
উপদলীয় ধারা সৃষ্টির কথা নিশ্চিত করে জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এই ধারাগুলো উপজেলা ও পৌরসভাভিত্তিক। স্থানীয় রাজনীতিতে দৃশ্যমান থাকার জন্য উপদলীয় ধারা সৃষ্টি হয়েছে। তাতে মূল কাঠামোয় সমস্যা নেই।’
দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপির বড় দুই নেতাকে আমরা একসঙ্গে পাই না। প্রতিটি উপজেলা ও পৌরসভায় আমাদের নেতা-কর্মীরা দুটি ধারায় বিভক্ত। কেন্দ্র থেকে হস্তক্ষেপ করা না হলে বিভক্তির রেখা দীর্ঘায়িত হবে।’