সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগঠনের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেপ্তারের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার ও পরদিন বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল। আজ সোমবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সহসভাপতি নাজমুল হাসান এই কর্মসূচি ঘোষণা করেন।

নাজমুল বলেন, তাঁরা মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে এবং বুধবার দেশের সব কলেজ, থানা ও পৌরসভায় বিক্ষোভ কর্মসূচি পালন করবেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ছয়জনকে গতকাল রোববার রাতে পটুয়াখালীতে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের গাড়িতে থাকা লাগেজ থেকে ৪৫টি ইয়াবা বড়ি ও একটি বোতল উদ্ধার করার দাবি করেছে পুলিশ। বোতলের পদার্থ মদ হতে পারে বলে পুলিশের সন্দেহ।