যশোরে যুবলীগের এক নেতা রামদা উঁচিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে পরিচালনা কমিটির সভাপতিকে মারতে উদ্যত হন। সভাপতির অভিযোগ, যুবলীগের ওই নেতা নিজের বাবাকে সভাপতি করতে না পেরে তাঁর ওপর ক্ষুব্ধ হন।
ওই ব্যক্তির নাম মো. শিমুল। তিনি যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় পাঁচবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটি সম্প্রতি গঠন করা হয়। গতকাল শনিবার এ কমিটির প্রথম সভা ছিল। সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির নতুন সভাপতি মো. ফরিদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ও সদস্যসচিব কাজী মাহমুদা আকতার, সহসভাপতি শহর আলী, কমিটির সদস্য নওয়াপাড়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস সেলিম প্রমুখ।
সভা চলাকালে বিদ্যালয়ের ছয়টি কক্ষে পাঠদান চলছিল। বেলা ১১টার দিকে যুবলীগের নেতা শিমুল হঠাৎ রামদা উঁচিয়ে বিদ্যালয়ে প্রবেশ করেন। একপর্যায়ে তিনি সভাপতি ফরিদুজ্জামানকে মারতে উদ্যত হন। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কেন আপনাকে মারতে এল, জানতে চাইলে ফরিদুজ্জামান বলেন, ‘শিমুল তাঁর বাবা আবুল খায়েরকে এ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি করতে চেয়েছিলেন। সেটি হয়নি বলে তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে মারতে আসেন। বিষয়টি যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং পুলিশকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, বিদ্যালয়ে আসার আগে শিমুল তাঁকে ফোন করে বলেন, ‘সভা থেকে তুই বের হ, তোর পা কেটে নেব।’
তবে সভায় উপস্থিত পরিচালনা কমিটির অন্য সদস্যরা বেরিয়ে আসায় ফরিদুজ্জামানের ওপর হামলা চালাতে পারেননি শিমুল। তাঁরা শিমুলকে আটক করে রামদা কেড়ে নেন ও মারধর করে তাঁকে স্কুলছাড়া করেন।
পরে যুবলীগের নেতা শিমুল যশোর জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে শিমুলের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তা ধরেননি। শিমুলের বাবা আবুল খায়েরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে কথা কথা বলেছেন যশোর কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহাবুর রহমান। এ সময় তিনি পুলিশকে বলেছেন, ছেলের অপকর্মের দায় তিনি নেবেন না।
এএসআই শাহাবুর রহমান প্রথম আলোকে বলেন, শিমুলকে স্থানীয় লোকজন মারধর করে ছেড়ে দেন। ফলে তাঁকে আটক করা যায়নি। পরে ইউপি সদস্য আবদুস সেলিমের কাছ থেকে রামদাটি সংগ্রহ করে থানায় আনা হয়েছে।