ফরিদপুরে জেলা বিএনপির সম্মেলন আয়োজন সামনে রেখে আজ সোমবার জেলায় দলের তৃণমূল নেতাদের সভা আহ্বান করা হয়েছে। বেলা তিনটায় স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এ সভা অনুষ্ঠিত হবে।
এ সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদের যোগ দেওয়ার কথা রয়েছে। ওই সম্মেলন শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগেই সভায় কে সভাপতিত্ব করবেন তা নিয়ে জেলা বিএনপির নেতাদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা।
গতকাল রোববার তৃণমূল নেতাদের সভার বিষয়টি শহরে মাইকে প্রচার করা হয়। সেখানে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শহীদ পারভেজ। কিন্তু দুপুরে পুলিশ মাইকের প্রচারণা বন্ধ করে দিলে সভাপতিত্ব করা নিয়ে দ্বন্দ্বের বিষয়টি প্রকাশ্যে চলে আসে।
জেলা বিএনপির সভাপতি জহিরুল হক কেন্দ্রীয় বিএনপির সদ্য সমাপ্ত সম্মেলনে চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে পদোন্নতি পান। এরপর থেকে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেন জ্যেষ্ঠ সহসভাপতি শহীদ পারভেজ। ৭ নভেম্বর জেলা বিএনপির কর্মসূচি পালিত হয় শহীদ পারভেজের সভাপতিত্বে। এর আগে চেয়ারপারসনের উপদেষ্টা হওয়ায় জেলা বিএনপির সভাপতি জহিরুল হককে গত ৪ অক্টোবর ফরিদপুরে সংবর্ধনা দেয় জেলা বিএনপি। ওই সভায়ও সভাপতিত্ব করেন শহীদ পারভেজ।
শহীদ পারভেজ প্রথম আলোকে বলেন, ‘জেলা বিএনপির সভাপতির পদোন্নতি হওয়ার পর থেকে আমিই দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে কাজ করছি। তাই স্বাভাবিকভাবে আমারই আজকের তৃণমূল নেতাদের সভায় সভাপতিত্ব করার কথা। এ জন্য গতকাল রোববার সকালে আমি ওই সভার প্রচারণার জন্য শহরে মাইক বের করি। কিন্তু দুপুরে জহিরুল হক পুলিশ দিয়ে মাইক বন্ধ করে দেন।’ তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আজকের সভায় আমিই সভাপতিত্ব করব। জহিরুল হক সভায় একজন বক্তা হিসেবে থাকতে পারেন।’
অপর দিকে জহিরুল হক প্রথম আলোকে বলেন, ‘আমি চেয়ারপারসনের উপদেষ্টা হলেও এখনো জেলা বিএনপি থেকে পদত্যাগ করিনি বা মরেও যাইনি। তাই তৃণমূল সভায় আমিই সভাপতিত্ব করব। আমি যখন স্টেশনে থাকি না, তখন সহসভাপতিদের মধ্য থেকে কেউ সভাপতিত্ব করেন। এর মানে এই নয় যে তিনি দলের সভাপতি হয়ে গেলেন।’ মাইক বন্ধের ব্যাপারে তাঁর কোনো হাত নেই মন্তব্য করে জহিরুল হক বলেন, ‘মাইক বন্ধ পুলিশ করেছে, তারাই এর উত্তর দিতে পারবে। তবে আমি এ ব্যাপারে পুলিশকে কোনো নির্দেশনা দিইনি।’
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, বিএনপি তৃণমূল সভা করার জন্য অনুমতি নিয়েছে, কিন্তু মাইকে প্রচারণার জন্য কোনো অনুমতি নেয়নি। শহরে মাইকে প্রচার করতে হলেও পুলিশের অনুমতি নিতে হয়। অনুমতি না নেওয়ায় মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। বিএনপির তৃণমূল সম্মেলনে আইনশৃঙ্খলার অবনতি ঘটলে ব্যবস্থা নেওয়া হবে।