গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির সভাপতি কাজী ছাইয়েদুল আলম ওরফে বাবুলের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও সংগঠনবিরোধী কাজের অভিযোগ উঠেছে। ১৮ জুলাই উপজেলা ও পৌর বিএনপির কমপক্ষে ৫০ জন নেতার স্বাক্ষরিত অভিযোগ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মহাসচিবের কাছে দেওয়া হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়, আট বছর আগে কালিয়াকৈর উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়েছে। ওই কমিটির সভাপতির দায়িত্ব পান কাজী ছাইয়েদুল আলম। পরবর্তী সময়ে তিনি গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময় অনেক জ্যেষ্ঠ ও ত্যাগী নেতার নাম বাদ দেওয়া হয়। পদবিন্যাসের ক্ষেত্রেও নেতাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেন তিনি। আট বছর পার হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করেননি। কাজ করছেন খেয়াল খুশিমতো। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ ন ম খলিলুর রহমান বলেন, সভাপতি দীর্ঘদিন ধরেই সংগঠনবিরোধী কাজকর্ম করে যাচ্ছেন। কাজী ছাইয়েদুল আলম বলেন, তাঁদের দেওয়া অভিযোগ ভিত্তিহীন।