সভাপতিরই ছাত্রত্ব নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত মাস পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৪৩ সদস্যের এই কমিটির সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতিসহ এক-তৃতীয়াংশ সদস্যের ছাত্রত্ব নেই বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ কমিটি ঘোষণা করেন। গতকাল শুক্রবার প্রথম আলোকে কমিটি গঠনের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন সভাপতি রাজীব আহসান। তাঁর দাবি, অছাত্র কাউকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। তবে কয়েকজন অনিয়মিত ছাত্র নতুন কমিটিতে পদ পেয়েছেন।
২০১৬ সালের ১৩ অক্টোবর খোরশেদুল আলমকে সভাপতি, আব্দুল কাইয়ুমকে জ্যেষ্ঠ সহসভাপতি ও মো. শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৬৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। গত বৃহস্পতিবার ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ৭০ জন সহসভাপতি, ৫৫ জন যুগ্ম সম্পাদক ও ২৮ জন সহসম্পাদক আছেন। এর আগে ২০১১ সালের ২৯ মার্চ তিন সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছিল, যা শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ করা হয়নি।
বিশ্ববিদ্যালয় ও ছাত্রদল সূত্র জানায়, বর্তমান কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের ২০০৪-০৫ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল কাইয়ুম একই বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। ছাত্রত্ব নেই এ রকম সদস্যের সংখ্যা অন্তত এক-তৃতীয়াংশ। অবশ্য সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বর্তমানে মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী।
এ বিষয়ে সভাপতি খোরশেদুল আলমের বক্তব্য জানতে গতকাল মুঠোফোনে কয়েক দফা তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।
সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দাবি করেন, কমিটিতে থাকা সদস্যদের মধ্যে মাত্র চার-পাঁচজনের ছাত্রত্ব নেই। তিনি বলেন, দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় নেতা-কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।