ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির নির্বাচন গত রোববার সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে ১২টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আটটি পদে আওয়ামী লীগপন্থীরা জয়লাভ করেছেন। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল জয় পেয়েছে চারটি পদে।
আইনজীবী সমিতির নির্বাচনের কমিশনার আজিজুর রহমান রোববার রাতে ফল ঘোষণা করেন। আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেলের প্রার্থী তোজাম্মেল হককে সভাপতি পদে ও আবদুর হামিদকে সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করা হয়। একই প্যানেলের অন্য বিজয়ীরা হলেন সহসভাপতি ফজলুল হক, এ টি এম নাজমুল হুদা, কোষাধ্যক্ষ জীতেন চন্দ্র, গ্রন্থাগার সম্পাদক মো. আখতারুজ্জামান, কার্যকরী সদস্যপদে মোস্তাক আলম ও মাহাবুব আলম।
বিএনপি-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন সহসাধারণ সম্পাদক পদে রাজিউর রহমান, বিশ্রামাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইব্রাহীম, কার্যকরী সদস্যপদে মো. আশরাফুল হাসান ও মো. কামাল হোসেন।
কয়েকজন সদস্য গতকাল সোমবার বলেন, জেলা আইনজীবী সমিতির সদস্য ১৫৯ জন। তাঁদের মধ্যে বিএনপি সমর্থক সদস্যের সংখ্যা ৮৩ এবং আওয়ামী লীগ-সমর্থক ৬৫ জন।
গতবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আব্দুল হালিম সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবারের নির্বাচনে বিএনপিপন্থীদের ভরাডুবি সম্পর্কে তিনি বলেন, ‘সমিতিতে আমাদের সদস্য সংখ্যা বেশি। তাই আমরা পুরো প্যানেলে জিতব, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু ভেতরের কিছু ঘটনার কারণেই আমরা হেরে গেছি।’ তবে ‘ভেতরের’ ঘটনাগুলো কী, এ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, ‘নেতৃত্বের ব্যর্থতার কারণে আমরা ফোরামের ভোটগুলো নিশ্চিত করতে পারিনি।’