নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৭টি পদের মধ্যে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ সভাপতিসহ নয়টি পদে জয়লাভ করেছে। আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সাধারণ সম্পাদকসহ আটটি পদে জয় পেয়েছে। গত বৃহস্পতিবার এ নির্বাচন হয়।
জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, ভোট গণনা শেষে গতকাল শুক্রবার ভোরে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে সভাপতি পদে বর্তমান সভাপতি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থী সাখাওয়াত হোসেন খান ৬১৬ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী সামসুল ইসলাম ভূঁইয়া পান ১৯৭ ভোট। সাধারণ সম্পাদক পদে আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী হাসান ফেরদৌস ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের সরকার হুমায়ুন কবীর পেয়েছেন ৩৪৩ ভোট।
জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নির্বাচিত অন্যরা হলেন গ্রন্থাগার সম্পাদক পদে মাসুদা বেগম, ক্রীড়া সম্পাদক পদে আশরাফুল হক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মাহমুদুল হক, সমাজসেবা সম্পাদক পদে নুরুল আমিন, আইনজীবী ও মানবাধিকার সম্পাদক পদে মোহাম্মদ আলী, কার্যকরী সদস্য পদে গুলশান আরা, আল আমীন সাউদ ও নাজমুল আরেফিন।
সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচিত অন্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি পদে একরামুল হক, সহসভাপতি পদে হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক পদে মোহসীন মিয়া, কোষাধ্যক্ষ পদে কামাল হোসেন, আপ্যায়ন সম্পাদক পদে সোহেল মিয়া, কার্যকরী সদস্য পদে সোহেল আজাদ ও নজরুল ইসলাম।