সভার অনুমতি পেল না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল প্রেসক্লাবে ডাকা জেলা (উত্তর) বিএনপির সাংগঠনিক সভার অনুমতি দেয়নি পুলিশ। নাশকতা ও দলীয় কোন্দলের জের ধরে সংঘর্ষের আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ দাবি করেছে।
তবে জেলা উত্তর বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন বলেন, ‘আমাদের দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। অনুমতি না দেওয়ার জন্য পুলিশ এটা বলছে। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ধরপাকড় চলছে। আমাদের সভা যাতে সফল হতে না পারে, এটা তারই চেষ্টা।’
সাবেক সাংসদ মেজবাহউদ্দিন বলেন, সাংগঠনিক বৈঠক করার জন্য প্রেসক্লাব ভাড়া নেওয়া হয়েছিল। ঘরের মধ্যে বৈঠক করলে পুলিশের অনুমতির প্রয়োজন হয় না। তারপরও চার দিন আগে পুলিশের কাছে অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ সংঘর্ষের অজুহাত দেখিয়ে অনুমতি দিল না।
এ বিষয়ে গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার আবু সাঈদ বলেন, বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে ঠিকই আবেদন করা হয়েছে। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় কোন্দল আছে, এমন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ তাদের অনুমতি দেয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, উত্তর জেলা বিএনপির নেতাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ জন্য যেকোনো সময় বড় ধরনের সংঘাত হতে পারে। প্রেসক্লাবে হামলা হলে সেটা নিয়ন্ত্রণ করা পুলিশের পক্ষে কষ্টসাধ্য ব্যাপার। তাই তাদের অনুমতি দেওয়া হয়নি। তবে বিএনপি দলীয় কার্যালয়ের ভেতরে সভা করতে পারে।
এ বিষয়ে জেলা উত্তর বিএনপির দপ্তর সম্পাদক নূরুল আলম বলেন, পুলিশ মৌখিকভাবে বলেছে দলীয় কার্যালয়ে সভা করতে। কিন্তু তাঁরা লিখিত অনুমতি না পেলে সভা করবেন না।