সভায় না ডাকায় চবির ফটকে তালা ঝুলিয়ে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীনতা দিবস আয়োজনের প্রস্তুতি সভায় আমন্ত্রণ না জানানোয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে গোলচত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন শিক্ষক-শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর প্রক্টরিয়াল বডির সদস্যদের অনুরোধে মূল ফটকের তালা খুলে দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রস্তুতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন পক্ষের সঙ্গে দুপুরে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি, এমন দাবি করে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগের সিক্সটি নাইন গ্রুপের নেতা–কর্মীরা। এই উপপক্ষের অনুসারীরা চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।
ছাত্রলীগের উপপক্ষ সিক্সটি নাইনের নেতা রাজু মুন্সী দাবি করেন, শুধু প্রস্তুতি সভায় আমন্ত্রণ না জানানোর কারণে যে ফটকে তালা দেওয়া হয়েছে, বিষয়টি এমন নয়। ক্যাম্পাসে বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধ এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে তাঁরা বিক্ষোভ করেছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ইকবাল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে বলেন, তিনি ঢাকায় আছেন। এ কারণে বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে পারছেন না।
প্রায় দুই ঘণ্টা পর বিকেল পাঁচটায় প্রক্টরিয়াল বডির সদস্যদের অনুরোধে মূল ফটকের তালা খুলে দেন বিক্ষোভকারীরা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রস্তুতি সভায় আসার জন্য ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইনের রাজনীতির সঙ্গে জড়িত ইকবাল হোসেনকে বলা হয়েছিল। এ জন্য অন্যদের বলা হয়নি। অন্যদের সভায় আমন্ত্রণ না জানানোর কারণে সিক্সটি নাইনের নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন। তবে কথা বলার পর কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন তাঁরা।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্রলীগের ১১টি উপপক্ষ রয়েছে। এদের একটি অংশ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী এবং আরেকটি আ জ ম নাছির উদ্দীনের অনুসারী।