সমঝোতা না হলে সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল
আলোচনার মাধ্যমে ‘সমঝোতার পথ’ বের না করলে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয়তাবাদী যুবদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপি মহাসচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে অবশ্যই আলাপ-আলোচনার মাধ্যমে সঠিক পথ বের করতে হবে। যে পথের মধ্য দিয়ে সব দল নির্বাচনে অংশ নেবে এবং কোনো দলের প্রভাব ছাড়াই একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।
আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে এবং একটি সুষ্ঠু নির্বাচন করতে হলে আলোচনার কোনো বিকল্প নেই। আলোচনার মাধ্যমে ‘সমঝোতার পথ’ বের না করলে নির্বাচন কখনো অবাধ ও সুষ্ঠু হবে না।
এর আগে মির্জা ফখরুল ইসলাম যুবদলের নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে ফুল দেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্তা, সাধারণ সম্পাদক সাইফুল আলম, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।