সমঝোতা স্মারকে স্বাক্ষর করাও হবে বিপজ্জনক: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি মনে করে, ভারতের সঙ্গে কোনো ধরনের প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর দেশের জন্য বিপজ্জনক হবে। দলটি বলেছে, সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা চুক্তি সম্পাদনের পথে একটা বাধ্যতা তৈরি করবে। সুতরাং বাংলাদেশের জন্য সমঝোতা স্মারকে স্বাক্ষর করাও হবে বিপজ্জনক।
গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, ‘ভারত প্রস্তাবিত ২৫ বছরমেয়াদি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বাংলাদেশে তাদের মিলিটারি হার্ডওয়্যার, অর্থাৎ সমরাস্ত্র বিক্রি করতে চায়। ভারতের কাছ থেকে সামরিক হার্ডওয়্যার আমদানি করলে আমাদের প্রতিরক্ষাব্যবস্থা হবে ভারতীয় প্রতিরক্ষাব্যবস্থার একটা এক্সটেনশন মাত্র।’ তিনি বলেন, এই চুক্তিতে অস্ত্র কেনার শর্তে বাংলাদেশকে ভারত ৫০ কোটি মার্কিন ডলার লাইন অব ক্রেডিট দেবে। ওই অর্থ দিয়েই ভারত থেকে অস্ত্র কিনতে হবে।
কী চুক্তি হচ্ছে তা স্পষ্ট নয়: গয়েশ্বর
দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরে কী চুক্তি হচ্ছে, তা স্পষ্ট নয়। বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীতে স্বাধীনতা ফোরাম স্মরণসভাটির আয়োজন করে।
তিস্তা চুক্তির অপেক্ষায় মানুষ: আমীর খসরু
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, পত্রপত্রিকায় ভারতের সঙ্গে সামরিক চুক্তির কথা লেখা হচ্ছে। কিন্তু এখনো সরকার কিছু জানায়নি। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে না কী চুক্তি হচ্ছে। কিন্তু মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তিস্তা চুক্তির জন্য।