সমঝোতায় মেয়র পদে ভোটযুদ্ধ আর হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতার মাধ্যমে প্রতিদ্বন্দ্বী পাঁচজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় পাবনার আটঘরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোটযুদ্ধ আর হচ্ছে না। একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মেয়র নির্বাচিত হতে চলেছেন।
তবে ৪ জুন পৌরসভাটিতে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, তফসিল ঘোষণার পর নির্বাচনে অংশ নিতে মেয়র পদে ছয়জন, সাধারণ কাউন্সিলর পদে ২৯ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল বৃহস্পতিবার পাঁচজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মেয়র নির্বাচিত হতে চলেছেন। তবে কাউন্সিলর পদে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। আজ ২০ মে তাঁদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মী ও ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৬ সালে প্রতিষ্ঠার সময় পৌরসভায় প্রশাসকরে দায়িত্ব পান উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক। পাঁচ বছর নির্বাচন ছাড়াই তিনি দায়িত্ব পালন করেন। এরপর সর্বশেষ নির্বাচনে বিজয়ী হলে তাঁর কাছেই থেকে যায় মেয়র পদটি। ফলে বিএনপি থেকে এবারও তাঁকেই মেয়র পদে প্রার্থী করা হয়। দীর্ঘদিন বেদখলে থাকা মেয়র পদটি দখলে নিতে আওয়ামী লীগ থেকে প্রার্থী করা হয় শহিদুল ইসলামকে। অন্যদিকে জামায়াত স্বতন্ত্র হিসাবে প্রার্থী করে জেলা শিবিরের সভাপতি সাইদুল ইসলামকে। এ ছাড়া আওয়ামী লীগ থেকে বিদ্রোহী প্রার্থী হন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইশারত আলী, আওয়ামী লীগ সমর্থক আলী সুজা ও পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব।
আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, তফসিল ঘোষণার পর থেকেই মেয়র পদটি পেতে তৎপর ছিল আওয়ামী লীগ। দলীয় নেতা-কর্মীরা বিদ্রোহীদের বসিয়ে দিতে ও অন্য দলের প্রার্থীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছিলেন। তাঁদের চেষ্টার ফলে পাঁচজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
তবে আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতা দাবি করেন, দীর্ঘদিন দায়িত্বে থেকেও বিএনপি মেয়র তেমন কোনো উন্নয়ন করতে পারেননি। তাই এবার টাকা খরচ করে নির্বাচন না করে টাকার বিনিময়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
তবে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল হক বলেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন করার পরিবেশ নেই। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। হয়রানি করা হচ্ছে। তাই তিনি সরে দাঁড়িয়েছেন।
আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম বলেন, ১০ বছরে বিএনপির প্রার্থী পৌরসভায় কোনো উন্নয়ন করেননি। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। অন্য প্রার্থীরাও হয়তো পরাজয় এড়াতে সরে দাঁড়িয়েছেন।