সমতা প্রতিষ্ঠায় দলগুলোকে ‘পরিচ্ছন্ন’ হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান। কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা, ১ এপ্রিল
ছবি: দীপু মালাকার

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠায় গত ৫০ বছরে অনেক আইন ও নীতি হলেও সেগুলোর প্রয়োগ হচ্ছে না। নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন হয়ে এগিয়ে আসতে হবে।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উঠে আসে এমন বক্তব্য।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। তিনি বলেন, ‘আজ দেশের রাজনীতি একটা ক্ষমতার মধ্যে ঘুরপাক খাচ্ছে। ওই ক্ষমতা হচ্ছে কালোটাকা ও পেশিশক্তির ক্ষমতা। সমাজ দুর্নীতিগ্রস্ত, কালোটাকার মালিক পেশিশক্তি চর্চাকারীদের নিয়ন্ত্রণে। গণতন্ত্রও আজ নিয়ন্ত্রিত হয়ে আছে।

ফওজিয়া মোসলেম বলেন, ‘সব রাজনৈতিক দলের প্রতি আমাদের আহ্বান, নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠার সাংবিধানিক অঙ্গীকার বাস্তবায়নে পরিচ্ছন্ন হয়ে এগিয়ে আসুন।’

স্বাগত বক্তব্যে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু বলেন, ‘আমাদের পূর্বসূরিরা পাথর কেটে আমাদের জন্য পথ তৈরি করে গেছেন। নারী এখন দীর্ঘ পথ অতিক্রম করতে প্রস্তুত। নারী আকাশে উড়ে বেড়াচ্ছে, সমুদ্রে ঝাঁপ দিচ্ছে। আজকের দিনে নারী তার মস্তিষ্ক ও দুই হাত দিয়ে রাষ্ট্র পরিচালনার বিশাল কর্মযজ্ঞের অংশ হচ্ছে। কিন্তু আমাদের যে সমতার চেতনা, সেটা আমরা কতদূর ছড়িয়ে দিতে পারছি? নারীর প্রতি সহিংসতা এখনো চলছে। এটি নারীর মর্যাদা ও অধিকারকে ভূলুণ্ঠিত করছে।’

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক এবং ইউজিসি অধ্যাপক হাসিনা খান। তিনি বলেন, ‘আমাদের দেশে কর্মক্ষেত্রে নারীদের প্রতি বৈষম্য ভীষণভাবে প্রকট। এ ছাড়া বাড়ির ভেতরেও বৈষম্য আছে। ঘরের কাজের বোঝা এখনো নারীকেই বহন করতে হয়। ফলে সমতা শুধু কর্মক্ষেত্রে নয়, বাড়িতেও চাই। পুরুষেরা যেন এ ক্ষেত্রে নারীদের সহযোগিতা করেন।’

প্রতিষ্ঠাবার্ষিকীর ঘোষণাপত্র পাঠ করেন মহিলা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম। এতে সরকারের প্রতি বেশ কিছু দাবি ও প্রস্তাব তুলে ধরা হয়। এগুলোর মধ্যে আছে ধর্মভিত্তিক রাজনীতি ও রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ করা, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১-এর বাস্তবায়ন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহানা জেফরীন, চিত্রশিল্পী ও প্রথম আলোর প্রধান শিল্পনির্দেশক অশোক কর্মকার।

আলোচনা পর্ব শেষে শহীদ মিনার থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করে মহিলা পরিষদ। শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মোমবাতি প্রজ্বালন করেন পরিষদের নেতা-কর্মীরা।