বর্তমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় পার্টির ক্ষমতায় যাওয়ার সুবর্ণ সুযোগ বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। এ জন্য নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে। গতকাল শনিবার চট্টগ্রামের মুরাদপুরে মহানগর জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এরশাদ বলেন, ‘সময় এসেছে, এ সুযোগ হারানো যাবে না। যদি এই সুযোগ হাতছাড়া করি, আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন। আমরা কল্যাণের জন্য ক্ষমতায় যেতে চাই।’
সাবেক এই রাষ্ট্রপতি দাবি করেন, তাঁর হাতে রক্তের দাগ নেই। এরশাদবিরোধী আন্দোলনে প্রাণ হারানো নূর হোসেন ও ডা. মিলনকে কে হত্যা করেছে তা-ও তিনি জানেন বলে দাবি করেন। তিনি বলেন, প্রতিদিন কত শত মানুষ মরছে তার হিসাব নেই। জ্বলে মরছে, গুলিতে মরছে, তার পরও কারও প্রাণে দয়ামায়া নেই।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, যারা আন্দোলন করছে, তারা নিজেদের স্বার্থ আদায়ের জন্য মানুষ পুড়িয়ে মারছে। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে।
মতবিনিময় সভায় জাপার মহাসচিব ও সাংসদ জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানান, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর জাপার আহ্বায়ক সাংসদ মাহজাবিন মোরশেদ। উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শামসুল আলম মাস্টার, মহানগর কমিটির সদস্যসচিব মো. এয়াকুব হোসেন প্রমুখ।