সময় ফুরানোর আগেই রাজনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংকট উত্তরণের সময় ফুরিয়ে যাওয়ার আগেই কার্যকর রাজনৈতিক উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর তোপখানা রোডে নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায় দলটি।
সংবাদ সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সরকার পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করলেও বাস্তবে চরম বিভাজন ও বৈরিতায় দেশে আধা গৃহযুদ্ধ অবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতি চলতে দিলে দেশ পুরোপুরি গৃহযুদ্ধের দিকে নিপতিত হবে। তিনি চলমান সহিংসতা ও জটিল রাজনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে আসার লক্ষ্যে সাত দফা প্রস্তাব দেন।
প্রস্তাবের মধ্যে আছে নির্বাচনকেন্দ্রিক সংকট সমাধানে অবিলম্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পদক্ষেপ নেওয়া, সভা-সমাবেশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, রাজনৈতিক বিরোধীদের ওপর দমন-নির্যাতন ও গ্রেপ্তার বন্ধ করা, আন্দোলনের নামে মানুষকে পুড়িয়ে মারার অপরাজনীতি বন্ধ করা, ভোটারবিহীন সংসদ বাতিল করা, জবাবদিহির বিধান রেখে নির্বাচনকালীন তদারকি সরকার গঠন করা।
সংবাদ সম্মেলনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় ও ঢাকা মহাগরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।