সময়ের আগে আসতে হবে, যেতে হবে পরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন নবনির্বাচিত মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, সবাইকে নিজ নিজ অবস্থানে সৎ থাকতে হবে। নির্ধারিত সময়ের আগে কর্মস্থলে আসতে হবে, কিন্তু যেতে হবে নির্ধারিত সময়ের পরে। দায়িত্ব পালনের সময় কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি বরদাশত করা হবে না।
গতকাল সোমবার সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে করপোরেশনের প্রকৌশল ও পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন নতুন মেয়র। শপথ নেওয়ার পর করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গতকালই প্রথম আনুষ্ঠানিক মতবিনিময় করেন তিনি।
সভায় কর্মকর্তা-কর্মচারীরা মেয়রের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকৌশল যান্ত্রিক বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বর্জ্য ব্যবস্থাপনা-বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সভাপতি নুরুল হক, সচিব রশিদ আহমেদ ও মোহাম্মদ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মেয়রের একান্ত সচিব মো. মনজুরুল ইসলাম।
মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ৬০ লাখ নগরবাসীর চাহিদা, অধিকার ও প্রত্যাশা পূরণ করতে সবাইকে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সিটি করপোরেশনের হারানো সুনাম পুনরুদ্ধার করতে হবে। তিনি বলেন, ‘আমরা নির্দিষ্ট মেয়াদের জন্য নির্বাচিত হয়ে করপোরেশনে আসি। আপনারা করপোরেশনের স্থায়ী কর্মকর্তা-কর্মচারী। তবে আমাদের পরিচয় অভিন্ন। সবাই মিলে চট্টগ্রাম শহরকে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে হবে।’
জলাবদ্ধতা সমস্যার বিষয়ে আ জ ম নাছির বলেন, সামনে কঠিন সময় আসছে। নগরের কোন কোন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, তা চিহ্নিত করতে হবে এবং আজকের সভা শেষেই এই কাজ শুরু করতে হবে। দ্রুততার সঙ্গে কাজ করলে জলাবদ্ধতা কিছুটা হলেও সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে। ভরাট হয়ে খাল-ছড়া, নালা-নর্দমা সংস্কার করার নির্দেশ দেন। সড়ক সংস্কারের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন তিনি।
সভায় মুক্ত আলোচনা পর্বে করপোরেশনের প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম বলেন, জলাবদ্ধতা নিরসনে সিডিএ, ওয়াসা, বন্দর, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বসতে হবে।
নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন ও পরিকল্পনা) মুনিরুল হুদা বলেন, কোনো রকম জোড়াতালি দিয়ে চলছে করপোরেশনের পরিকল্পনা বিভাগ। এখানে প্রয়োজনীয় লোকবল নেই।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী এয়াকুব নবী বলেন, সামনে বর্ষা মৌসুম। তার আগেই নগরের সড়কগুলো সংস্কার করতে হবে।
কাউন্সিলর নুরুল হক অভিযোগ করেন, কর্মকর্তারা করপোরেশনের জনবল ও যন্ত্রপাতি সম্পর্কে কাগজে-কলমে যে হিসাব দেন, বাস্তবে তা নেই। পরিচ্ছন্নতা বিভাগে ১ হাজার ৮৬৪ জন শ্রমিক থাকলেও কাজের সময় অর্ধেকও পাওয়া যায় না। যন্ত্রপাতি ও লোকবলের ব্যাপারে মেয়রকে নজর দিতে হবে।
কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, নতুন মেয়র অনেক জ্ঞান ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ। তাঁকে ফাঁকি দিয়ে কেউ বাঁচতে পারবেন না।
সহকারী প্রকৌশলী আবু তৈয়ব বলেন, ঠিকাদারদের কাজের মান নিশ্চিত করতে করপোরেশনে প্রয়োজনীয় সুবিধা নেই। সহকারী প্রকৌশলীরা কম্পিউটার ও ইন্টারনেট সুবিধা পান না। প্রশিক্ষণের ব্যবস্থাও নেই।
প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী বলেন, করপোরেশনের সবচেয়ে বড় বিভাগ হচ্ছে পরিচ্ছন্ন বিভাগ। অথচ এটিই সবচেয়ে অবহেলিত। পরিচ্ছন্ন বিভাগের কর্মচারীদের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নেই। তাঁরা রাস্তায় কাজ শিখেছেন।