সমশের মবিনের অবসরে ক্ষতি হবে না: ফখরুল
দলের ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীর অবসরে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘সমশের মবিন পদত্যাগ করেননি, অবসরে গেছেন। তাঁর অবসরে যাওয়া দলে কোনো প্রভাব পড়বে না, দলের ক্ষতিও হবে না।’
গতকাল শুক্রবার দুপুরে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারত করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ মন্তব্য করেন।
আরেক প্রশ্নের জবাবে ফখরুল বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এখানে কোনো ব্যক্তির পদত্যাগে ক্ষতি হওয়ার বিষয় নেই। ব্যক্তি আসবে, যাবে কিন্তু দলে এর প্রভাব পড়বে না। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিকদের বলেন, সমশের মবিন অবসরে যেতে যে পত্র দিয়েছেন, সেটি এখনো বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে যায়নি। তিনি দেশে ফিরে আসার পর তাঁর অবসরপত্র চেয়ারপারসনের কাছে দেওয়া হবে। তখন এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বিএনপি তিনবার ক্ষমতায় গিয়ে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছে। বাংলাদেশের জনগণ বিএনপিকে ভালোবাসে। ৩৫ বছরে বিএনপি অনেক ঘাত-প্রতিঘাতের শিকার হয়েছে। চক্রান্ত-ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু বিএনপির কোনো ক্ষতি হয়নি। সমশের মবিন চৌধুরীর অবসরে যাওয়ায় তিনি যে দায়িত্বগুলো পালন করতেন, তা পালনের অনেক লোক বিএনপিতে আছে।’ তিনি বলেন, বিএনপিতে অনেক কূটনীতিক রয়েছেন। তাই দলের কার্যক্রমে প্রভাব পড়ার কোনো আশঙ্কা নেই। সমশের মবিন অবসরে যাওয়ায় আওয়ামী লীগ যে বক্তব্য দিয়েছে, এটা তাদের নিজস্ব ব্যাপার বলে তিনি মন্তব্য করেন।
এ সময় দুই বিদেশি নাগরিক হত্যায় বিএনপির সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের নেতারা বিএনপিকে জড়িয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা ভিত্তিহীন। তাঁরা তদন্ত শেষ করার আগেই এ ধরনের মন্তব্য করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছেন। আমি আগেও বলেছি, বিএনপি হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতিতে বিশ্বাস করে না।’
গতকাল বেলা পৌনে একটার ফ্লাইটে সস্ত্রীক সিলেট পৌঁছান মির্জা ফখরুল ইসলাম। এরপর তাঁরা শাহজালাল (রহ.) ও শাহ পরানের (রহ.) মাজার জিয়ারত করেন। তাঁর আকস্মিক এই সফর সম্পর্কে জানাজানি হলে নেতা-কর্মীদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়। মাজার থেকে বেলা তিনটায় নগরীর সরকারি আলিয়া মাদ্রাসা মাঠসংলগ্ন একটি আবাসিক রেস্তোরাঁয় স্থানীয় বিএনপির নেতাদের সঙ্গে মিলিত হন। এতে জেলা বিএনপির আহ্বায়ক এম নুরুল হক, মহানগরের আহ্বায়ক শাহরিয়ার হোসেন চৌধুরী, সদস্যসচিব বদরুজ্জামান সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। সেখান থেকে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হন।
আকস্মিক সিলেট সফর সম্পর্কে সাংবাদিকেরা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমি অসুস্থ থাকতে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরান (রহ.) মাজার জিয়ারতের মানত করেছিলাম। সে জন্য এসেছি। এটা কোনো দলীয় সফর নয়।’