সমশের মবিনের অবসরে বিএনপিতে অস্থিরতা
হঠাৎ করে সমশের মবিন চৌধুরীর পদত্যাগের পর থেকে বিএনপিতে চলছে নানা আলোচনা। বিএনপি নেতারা মনে করছেন, এই পদত্যাগে দল ভাঙবে না, তবে দলের মধ্যে সৃষ্ট অস্থিরতা শিগগিরই কাটবে না।
পদত্যাগ নিয়ে বিএনপির দায়িত্বশীল নেতাদের মধ্যে দু-একজন ছাড়া কেউই এ নিয়ে প্রকাশ্যে কথা বলছেন না। তবে বিএনপির মধ্যম সারির নেতা এবং অঙ্গসংগঠনগুলোর, বিশেষ করে ছাত্রদলের নেতারা ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে সমশের মবিনের পদত্যাগ নিয়ে কথা বলেছেন। কেউ বলেছেন, এতে দলের কোনো ক্ষতি হবে না। আবার কেউ কেউ বলছেন, এ সিদ্ধান্ত দলের মধ্যে বিরূপ প্রভাব ফেলবে।
বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন, মাঠের রাজনীতিক না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এতে বিএনপির তেমন কোনো ক্ষতি হবে না। দলের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের অনেকে আবার বলছেন, বিএনপি এখন কঠিন সময় পার করছে। এ সময় সমশেরের মতো একজনের পদত্যাগ নেতা-কর্মীদের কাছে ভিন্ন বার্তা দিতে পারে। এ সময়ে তাঁর এ ধরনের সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। তার ওপর তিনি যেভাবে জানান দিয়ে পদত্যাগ করেছেন, বিএনপির আদর্শ নিয়ে কথা বলেছেন, তা কর্মীদের হতাশ করতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সমশেরের পদত্যাগের প্রভাব দলে ভালো হওয়ার কথা নয়। তিনি দীর্ঘদিন যেভাবে নিষ্ক্রিয় ছিলেন, সেভাবেই থাকতে পারতেন। কিন্তু জানান দিয়ে অবসর নেওয়ার ঘোষণা বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন। এ কারণেই এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে। আর এমন সময়ে এ ঘোষণা দিয়েছেন, যখন বিএনপি নানামুখী চাপে আছে। দলীয় প্রধানও দীর্ঘ সময় ধরে দেশের বাইরে আছেন। তাঁর এই পদত্যাগের প্রভাব সুদূরপ্রসারী হতে পারে।
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সমশের ভাইয়ের অবসর ঘোষণার সময়টা সঠিক হয়েছে কি না, এ প্রশ্ন আমার মনে খচখচ করছে। তিনি কি আরও কিছুদিন চুপচাপ ও নিষ্ক্রিয় থাকতে পারতেন না? অবসর নেওয়ার ঘোষণাটা আরেকটু স্থিতিশীল সময়ে দিলে কী এমন ক্ষতি হতো?’
অবশ্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সিলেটে বলেছেন, ব্যক্তি যাবে-আসবে, এতে দলের ওপর কোনো প্রভাব পড়বে না।
তবে সমশের মবিনের পর পদত্যাগের তালিকা আরও লম্বা হবে কি না—এ নিয়েও দলে আশঙ্কা আছে। কারণ সরকারের কঠোর অবস্থানের মুখে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি বড় অংশ সরাসরি রাজনীতির মাঠে সক্রিয় নেই। তাঁদের কেউ কেউ আত্মগোপনে। আর বাইরে থাকলেও অনেকে চুপচাপ সময় কাটাচ্ছেন। প্রভাবশালী নেতাদের অনেকে সরকারের সঙ্গে আঁতাত করে চলছেন—কর্মীদের এমন অভিযোগ আগে থেকেই আছে।
খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি ১৯ সদস্যের। তাঁদের মাত্র চারজনকে এখন বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। এর মধ্যে চারজন আছেন আত্মগোপনে, তিনজন কারাগারে। বাকিরা নিষ্ক্রিয়।
বিএনপির ভাইস চেয়ারম্যানের পদ ১৫টি। এর মধ্যে সমশের মবিন ইতিমধ্যে পদত্যাগ করেছেন। সাদেক হোসেন খোকা কারাদণ্ড মাথায় নিয়ে আছেন যুক্তরাষ্ট্রে। বাকিদের মধ্যে তিনজনকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যায়। দলটি যুগ্ম মহাসচিব পদ আছে সাতটি। এর মধ্যে সক্রিয় আছেন মাত্র দুজন। দুজন কারাগারে। এর আগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া একাধিকবার বলেছিলেন, বিএনপি ভাঙার ষড়যন্ত্র হচ্ছে। দলটির নেতাদের অনেকে মনে করছেন, সমশের মবিনের পদত্যাগ সেই ‘ষড়যন্ত্রের’ অংশ হতে পারে। অবশ্য সমশের এ ধরনের ষড়যন্ত্রের কথা উড়িয়ে দিয়েছেন।
বিএনপির একজন দায়িত্বশীল নেতা প্রথম আলোকে বলেন, এক-এগারোর পর দল ভাঙা এবং এর পরবর্তী সময়ে যে অবস্থা হয়েছে, তা থেকে তাঁরা মনে করছেন, কেউ এখন দল ভাঙার ঝুঁকি নেবেন না। হয়তো চুপচাপ থাকবেন বা অবসরে যাবেন। কিন্তু কেউ এভাবে পদত্যাগ করলে তা অবশ্যই বিএনপির ওপর চাপ তৈরি করবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, রাজনীতি থেকে অবসর নেওয়া একান্ত ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি দলের চেয়ারপারসন দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করে তাঁর সঙ্গে আলাপ করে সিদ্ধান্তটা নিতে পারতেন।
রাজনীতি থেকে অবসরের ঘোষণা সমশের মবিন দিয়ে জিয়াউর রহমানের নীতি ও আদর্শ অনুযায়ী বিএনপি চলছে কি না, সে প্রশ্ন তোলেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির তিনজন সদস্যের ফাঁস হওয়া ফোনালাপ থেকে জানা যায়, তাঁরাও বিএনপির বর্তমান নীতি-আদর্শ নিয়ে সন্দিহান। এই তিন সদস্য হলেন মওদুদ আহমদ, আবদুল মঈন খান, মাহবুবুর রহমান।
সমশের মবিনের পদত্যাগের পর গতকাল বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেছিলেন, ‘তিনি তো আমাদের মতো তৃণমূল রাজনীতি করেননি। অসুস্থ হলেও আমাদের মতো পারবেন না। জেলে ছিলেন, বের হয়ে আসার পর যোগাযোগও রাখতেন না। নেতা-কর্মীরা এর জন্য প্রস্তুত ছিল।’
নজরুল ইসলাম খানের এই বক্তব্যে সাবেক আমলা থেকে নেতা হওয়া অনেককে ক্ষুব্ধ করেছে। তৃণমূল রাজনীতি করেননি, কিন্তু এখন নীতিনির্ধারণী পর্যায়ে আছেন—এমন একজন প্রথম আলোকে বলেন, নজরুল ইসলাম খানের বক্তব্যে মনে হচ্ছে আমলারা এ রকমই হবে। এটা ঠিক নয়। বিএনপির প্রতিষ্ঠাতা নিজেও একজন সামরিক আমলা ছিলেন।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন প্রথম আলোকে বলেন, রাজনীতি একটি চলমান প্রক্রিয়া। একটি দলে কেউ অসুস্থ হবেন, কেউ নিষ্ক্রিয় থাকবেন, কেউ অবসরে যাবেন, কেউ নতুন আসবেন—এটাই স্বাভাবিক। এখানে প্রভাবের কোনো বিষয় নেই।