সমশেরের আগেই ফখরুলের পদত্যাগ করা উচিত ছিল: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অনেক আগেই বিএনপি থেকে পদত্যাগ করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, তিনি বলেন, এক সমশের মবিন চৌধুরী নয়, বহু সমশের মবিন চৌধুরী অচিরেই বিএনপি থেকে পদত্যাগ করবেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশে কৃষক লীগের ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন হানিফ।
আজ দুপুরে সিলেটের শাহ পরান মাজার এলাকায় সাংবাদিকদের সমশের মবিন চৌধুরীর পদত্যাগে দলের কোনো ক্ষতি হবে না বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ফখরুলের এই মন্তব্যের বিষয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব আজকে বলেছেন, এক সমশের মবিন চৌধুরী বিএনপি থেকে গেলে বিএনপির কিছু হবে না। আমি খুব অবাক হলাম। তিনি (মির্জা ফখরুল) তো একজন সজ্জন ব্যক্তি। যিনি মুক্তিযুদ্ধের কথা বলেন, তার তো অনেক আগেই দল ত্যাগ করা উচিত ছিল। মির্জা ফখরুল সাহেব সমশের মবিন চৌধুরী একা হবে না। বহু সমশের মবিন চৌধুরী আপনার দলের মধ্যে আছে। যারা এই মুহূর্তে বিএনপির সন্ত্রাসী-নাশকতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের মানসিকতা প্রকাশ অচিরেই দল ত্যাগ করবে। সেই দিন আর বেশি দূরে নয়, আপনি অপেক্ষা করে দেখুন।’
হানিফ বলেন, এই বিএনপির ভাঙনের সুর বেজে গেছে। এখন সময়ের ব্যাপার। আর এই বিএনপি যত বেশি জনতার বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তত বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ভেঙে খান খান হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘বাংলার ঘষেটি বেগম’ বলে তির্যক মন্তব্য করেন হানিফ। তিনি বলেন, লন্ডনে বসে তিনি ছেলেকে নিয়ে ষড়যন্ত্র করছেন। কিন্তু বাংলার জনগণ যত দিন শেখ হাসিনার পাশে থাকবে, তত দিন আপনার কোনো ষড়যন্ত্র শেখ হাসিনার গায়ে আঁচড় দিতে পারবে না। আপনার পাশে বাংলার জনগণ নেই। তাই জনগণের ওপর আস্থা হারিয়ে এখন বিদেশি প্রভুর দ্বারে দ্বারে ঘুরছেন। লবিস্ট নিয়োগ করেছেন যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য। লবিস্ট নিয়োগ করেছেন, সরকারের বিরুদ্ধে বিষোদ্‌গার করে বিদেশি প্রভু দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য। কোনো লাভ হবে না। বাংলার জনগণ যত দিন না পর্যন্ত চাইবে তত দিন আপনার কোনো প্রভুর ক্ষমতা হবে না এই বাংলাদেশে আপনাকে ক্ষমতায় বসানোর জন্য।
কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, কৃষক লীগের সাধারণ সম্পাদক খন্দকার শামসুল হক, সহসভাপতি শেখ জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক উম্মে কুলসুম প্রমুখ