সমস্ত লাইন কেটে দেওয়া উচিত: হাছান মাহমুদ

খালেদা জিয়া জনগণের শত্রুতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, ‘তাঁর বিদ্যুতের লাইন শুধু নয়, সমস্ত লাইন কেটে দেওয়া উচিত। ’ অবিলম্বে খালেদা জিয়াকে গ্রেপ্তারেরও দাবি জানান তিনি।
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী হকার্স লীগের মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।
সরকারের কাছে আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ অবরোধের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের মানুষের গণদাবি, খালেদা জিয়ার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করা হোক এবং উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেওয়া হোক। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা দেওয়ার স্বার্থে ও জনগণকে অবরোধের নামে নৈরাজ্য থেকে মুক্তি দিতে তাঁর (খালেদা) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তিনি এখন আর মানুষ নেই, হিংসার ডাইনি হয়ে গেছেন। জনগণের শত্রুতে পরিণত হয়েছেন। তাঁর বাসা থেকে শুধু বিদ্যুতের লাইন নয়, সব ধরনের লাইন কেটে ফেলা উচিত। ’
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেপ্তারের জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
হকার্স লীগের সভাপতি জাকারিয়া হামিদের সভাপতিত্বে এ মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক, শিক্ষকনেতা শাহজাহান আলম, মুক্তিযোদ্ধা আবদুল হাই প্রমুখ।