সমস্যা আছে, বাংলাদেশ সঠিক পথে চলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধীদের দায়ী করে সরকারের তরফ থেকে যে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, তার সঙ্গে যুক্তরাজ্য একমত নয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার। তিনি মনে করেন, বাংলাদেশের সমস্যা আছে এবং দেশটি সঠিক পথে চলছে না। গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্ন কক্ষ হাউস অব কমন্সে বাংলাদেশবিষয়ক সরাসরি প্রশ্ন-উত্তরে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

হুগো সোয়ার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের জন্য সংসদের বাইরে থাকা বিরোধী দলগুলোকে দায়ী করে বলছেন, ‘বিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে এসব করছে। তিনি ভুক্তভোগী লোকদের প্রতি ইসলাম অবমাননার দোষ চাপাচ্ছেন। আমরা মনে করি, সমস্যা এর চেয়েও আরও গভীরে।’
ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজেও মনে করেন, বাংলাদেশের সমস্যা আছে এবং দেশটি সঠিক পথে চলছে না। তবে তিনি বাংলাদেশের প্রতি অবরোধ আরোপের দাবি নাকচ করে দিয়ে বলেছেন, বাংলাদেশ কমনওয়েলথের সদস্য। তাই যুক্তরাজ্য চায় কমনওয়েলথ বাংলাদেশের বিষয়ে আরও পদক্ষেপ নেবে। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ সরকারের গভীর সম্পর্ক রক্ষাকে তিনি স্বাগত জানান।
মঙ্গলবার পার্লামেন্টে পররাষ্ট্র ও কমনওয়েলথ-বিষয়ক বিতর্কে বাংলাদেশ প্রসঙ্গে নির্ধারিত আলোচনায় সাতজন সদস্য বাংলাদেশে একদলীয় রাজনীতির উত্থান, মানবাধিকার পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর বিষয়ে প্রশ্ন তোলেন। এসব বিষয়ে যুক্তরাজ্যের করণীয় সম্পর্কে জানতে চান। এমপিদের প্রশ্নের জবাব দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়াবিষয়ক দায়িত্বে থাকা প্রতিমন্ত্রী হুগো সোয়ার।
একই দিন সন্ধ্যাকালীন অধিবেশনে ইউরোপ, মানবাধিকার এবং দেশে ও বিদেশে মানুষকে নিরাপদ রাখা শীর্ষক বিতর্কে আবারও আসে বাংলাদেশ প্রসঙ্গ। স্বতন্ত্র এমপি সায়মন ডানস্যুক বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় যুক্তরাজ্যের হস্তক্ষেপ করা কেন জরুরি—সে বিষয়ে যুক্তি তুলে ধরেন।
বাংলাদেশবিষয়ক বিতর্ক
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি নুসরাত গনির করা এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, ৯ এপ্রিল ঢাকায় নাজিমুদ্দিন হত্যাকাণ্ড শুধু নয়, রাজশাহীতে শিক্ষক রেজাউল করিম সিদ্দিকীর হত্যার ঘটনায়ও দায় স্বীকার করেছে আইএস। বাংলাদেশে এসব ঘটনা বেশ পরিচিত হয়ে উঠছে মন্তব্য করে তিনি হত্যাকাণ্ডগুলোর সরকারি ব্যাখ্যায় যুক্তরাজ্যের দ্বিমতের কথা জানান।
বাংলাদেশ সরকার হত্যাকাণ্ডগুলোর রহস্য উদ্‌ঘাটনে নিশ্চিতভাবে পিছিয়ে আছে মন্তব্য করে এ বিষয়ে যুক্তরাজ্যের করণীয় সম্পর্কে জানতে চান লেবার পার্টির ফেবিয়ান হ্যামিলটন। জবাবে হুগো সোয়ার ওই দিন (মঙ্গলবার) সকালে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নানের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়, হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের একজন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রীর কাজিন। ফলে বাংলাদেশ সরকার বিষয়গুলো বেশ গুরুত্বে সঙ্গেই নিয়েছে। এ পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, তিনি নিজেও মনে করেন, বাংলাদেশে সমস্যা আছে। বিশেষ করে কিছু বিষয়ে যুক্তরাজ্যের গভীর উদ্বেগ রয়েছে। এসব বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
লেবার পার্টির এমপি অ্যালেক্স কানিংহামের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এলজিবিটি (সমকামী ও অস্বাভাবিক লিঙ্গের মানুষ) মানুষদের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার যথেষ্ট করছে বলে তিনি মনে করেন না।
ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির আরেক এমপি রিচার্ড ফুলার প্রশ্ন তুলে বলেন, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ সরকার ব্যর্থ, দেশটিতে কার্যকর বিরোধী দলের উপস্থিতি নেই। অন্যতম সাহায্য প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাজ্যের কি উচিত নয় যে বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা এবং শাসনক্ষমতা যাতে এক দলের হাতে কুক্ষিগত না হয়—তা নিশ্চিত করতে হস্তক্ষেপের জন্য সময়সীমা নির্ধারণ করা? স্বতন্ত্র এমপি সায়মন ডানস্যুকও প্রশ্ন তুলে বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং প্রতারণামূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। এ পরিস্থিতিতে দ্রুত একটি যথাযথ নির্বাচন আয়োজনে শেখ হাসিনাকে বাধ্য করতে কিছু অবরোধ আরোপ শুরু করা কি উচিত নয়?
অবরোধ আরোপের প্রসঙ্গটি সরাসরি এড়িয়ে গিয়ে প্রতিমন্ত্রী হুগো সোয়ার বলেন, যুক্তরাজ্যের দেওয়া সাহায্যে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হয়। তিনি জানান, যুক্তরাজ্য বাংলাদেশের সবচেয়ে বড় দাতা দেশ। দেশটি গত ২০১৫-১৬ অর্থবছরে ১৬২ মিলিয়ন পাউন্ড অনুদান হিসেবে দিয়েছে। তিনি বলেন, ‘আপনাদের পরামর্শ আমি মাথায় রাখলাম।’

ইউরোপবিষয়ক বিতর্কেও বাংলাদেশ
সন্ধ্যাকালীন অধিবেশনে ইউরোপ, মানবাধিকার এবং দেশে-বিদেশে মানুষকে নিরাপদ রাখার বিষয়ে বিতর্কে আবারও উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। স্বতন্ত্র এমপি সায়মন ডানস্যুক বলেন, গত সপ্তাহে পার্লামেন্টে দেওয়া রানির ভাষণে সিরিয়া ও ইউক্রেনের পরিস্থিতির কথা উল্লেখ করা হলেও বাংলাদেশের পরিস্থিতির দিকেও সরকারের দৃষ্টিপাত করা উচিত।
২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর থেকে বাংলাদেশের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে উল্লেখ করে ডানস্যুক বলেন, ‘আমরা এখন দেখছি রাজনৈতিক ভয়ভীতি প্রদর্শন, প্রতারণামূলক নির্বাচন, গুম, গণমাধ্যমের স্বাধীনতা হরণ, মানবাধিকার ভেঙে পড়া এবং ভয়ের সংস্কৃতি তৈরি।’ বাংলাদেশ প্রসঙ্গে নিজের উদ্বেগের সপক্ষে তিনটি যুক্তি তুলে ধরেন তিনি। এক, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের জঘন্য ঘটনাগুলোর বিষয়ে যুক্তরাজ্যকে ভাবতে হবে। দুই, দেশটি একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে এগোচ্ছে। যেহেতু বাংলাদেশের বড় একটি জনগোষ্ঠী যুক্তরাজ্যে বসবাস করে, তাই আশ্রয়ের খোঁজে মানুষ যুক্তরাজ্যের দিকে ছুটবে। ফলে সম্ভাব্য অভিবাসন পরিস্থিতি নিয়েও যুক্তরাজ্যকে ভাবতে হবে। তিন, বাংলাদেশে সুশীল সমাজকে কোণঠাসা করে দেওয়ার ফলে সেই স্থানটি এখন উগ্রপন্থীরা দখল করে নিয়েছে। এ কারণে উগ্রবাদ দমন লড়াইয়ে যুক্তরাজ্যের উচিত বাংলাদেশকে বিবেচনায় নেওয়া। গত ১৮ ফেব্রুয়ারি তাঁর নির্বাচনী এলাকা রচডেলে বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম জালাল উদ্দিন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে পুলিশের সন্ত্রাস দমন ইউনিট যুক্ত হয়েছে উল্লেখ করে ডানস্যুক বলেন, বাংলাদেশে উগ্রবাদের বিস্তার ঘটলে যুক্তরাজ্যও তা থেকে রেহাই পাবে না।
প্রসঙ্গত, ইমাম জালাল উদ্দিন হত্যার ঘটনায় আটক দুই যুবক বাংলাদেশি বংশোদ্ভূত।