সমস্যা সমাধানের দাবিতে প্রশাসনিক কক্ষে তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের সম্প্রসারিত ভবনের প্রশাসনিক কক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। কিন্তু হল প্রশাসনের দাবি, অনৈতিক সুবিধা না পাওয়া ছাত্রলীগের এক নেতার উসকানিতে এসব করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আল-বেরুনী হলের সম্প্রসারিত এই অংশে পাকা দেয়াল ও টিনের চালা দেওয়া ছয়টি ব্লক রয়েছে। এগুলোতে ৪২টি কক্ষে প্রায় দুই শতাধিক ছাত্র থাকেন। কিন্তু কয়েক বছর আগে হলের তিনটি ব্লকের দেয়ালে ফাটল তৈরি হয়। গত বছরের ৪ জানুয়ারির ভূমিকম্পে হলের ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ব্লকের উত্তর দিকের দেয়াল, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতি মিলনায়তনের পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকের দেয়াল এবং মসজিদের দেয়ালে ফাটল দেখা দেয়। পরবর্তী সময়ে দেয়ালগুলো পলেস্তারা দিয়ে সাময়িক মেরামত করা হয়। এতে ঝুঁকিতে রয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ ব্লকের কক্ষগুলোতে উইপোকার আক্রমণে শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে দীর্ঘদিন ধরে।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব সংকট নিরসনে তাঁরা হল প্রশাসনকে একাধিকবার তাগিদ দিলেও কোনো সমস্যার সমাধান করা হয়নি।
হলের আবাসিক শিক্ষার্থী ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মেহেদী হাসান বলেন, ‘আমরা এসব সংকট নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রশাসনকে জানিয়েছি অনেকবার। কিন্তু কোনো সমস্যার সমাধান হয়নি। তাই সমাধানের দাবিতে শিক্ষার্থীরা প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে হল প্রশাসন। তাদের দাবি, বিভিন্ন সময় প্রশাসনের কাছ থেকে অনৈতিক দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করেছেন হলের ছাত্রলীগের সাবেক কর্মী ও দর্শন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থী সাদ্দাম হোসেন। কিন্তু প্রশাসন থেকে সেসবের প্রতি সাড়া না দেওয়ায় শিক্ষার্থীদের উসকানি দিয়ে তালা ঝুলিয়েছেন তিনি। তাঁর ছাত্রত্ব শেষ হওয়ার পরও তিনি হলে অবস্থান করছেন। একাধিকবার তাঁকে হল ছাড়ার নোটিশ দেওয়া হলেও তিনি হল ছাড়েননি বলে প্রশাসন সূত্রে জানা যায়।
হলের প্রাধ্যক্ষ এ কে এম জসীম উদ্দীন বলেন, তাঁকে (সাদ্দাম) হল ছাড়ার নোটিশ দেওয়া হলেও তিনি হল ছাড়ছেন না। হলের সংকটের বিষয়ে বলেন, ‘আমি প্রশাসনকে অসংখ্যবার এসব সংকট নিরসনের জন্য বলেছি। কিন্তু সেখান থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সর্বশেষ পরিস্থিতিও প্রশাসনকে জানানো হয়েছে। সে নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এসব বিষয়ে জানতে চাইলে সাদ্দাম হোসেন বলেন, ‘আমার ছাত্রত্ব শেষ হয়নি। প্রাধ্যক্ষ তাঁর ব্যর্থতা ঢাকতে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছেন।’