সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কয়ার হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সৌজন্যে পাওয়া
স্কয়ার হাসপাতালে সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন। ছবি: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সৌজন্যে পাওয়া

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের বাঁ পায়ের হাড় ভেঙে গেছে। আজ বৃহস্পতিবার সকালে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে এ দুর্ঘটনা ঘটে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। আহত মন্ত্রীকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান মাইদুল।

মাইদুল ইসলাম বলেন, সমাজকল্যানমন্ত্রী আজ সকাল সাতটায় ৪ নং মিন্টো রোডের সরকারি বাংলোতে প্রতিদিনের মতো পায়চারি করছিলেন। এ সময় শেওলাযুক্ত রাস্তায় হঠাৎ তিনি পড়ে যান। এতে তাঁর হিপ জয়েনে (কোমরের কাছে পায়ের হাড়ের সংযোগ) প্রচণ্ড আঘাত লাগে। সকাল আটটায় মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে নিয়ে এক্স–রে করালে তাঁর বাঁ পায়ের হিপ জয়েনের হাড় ভেঙে গেছে বলে চিকিৎসক জানান। হাসপাতালের চিকিৎসক অস্ত্রোপচারের নির্দেশনা দিয়েছেন।

মাইদুল ইসলাম বলেন, সমাজকল্যাণমন্ত্রীকে আগামী তিন দিনের মধ্যে অস্ত্রোপচার করা হবে। মন্ত্রী এখন সুস্হ আছেন বলেও জানান তিনি।

২০১৪ সালে বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে বিমান ও পর্যটনমন্ত্রী হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। চলতি বছরের মন্ত্রিসভার রদবদলের সময় রাশেদ খান মেননকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়।