সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য পছন্দের নয়: অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের বিরুদ্ধে সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য পছন্দের নয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ বৃহস্পতিবার বিকেল সিলেটে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘সেটা (সমাজকল্যাণমন্ত্রীর বক্তব্য) আমরা মোটেও পছন্দ করি নাই। সরকারেরও পছন্দের নয়। তাঁকে কী বলা হয়েছে, সেটাও আপনারা জানেন।’

৯ আগস্ট সিলেটে আদিবাসী দিবসে জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী সাংবাদিকদের ‘খবিশ’ ও ‘চরিত্রহীন’ বলে বক্তব্য দেন। তাঁর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠে। পরদিন বিবৃতি দিয়ে মন্ত্রী দুঃখ প্রকাশ করেন। বিবৃতিতে সমাজকল্যাণমন্ত্রী দাবি করেন, ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে নিয়ে টিপ্পনি কাটা হয়েছিল।

আজ বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট গেলে সাংবাদিকেরা সমাজকল্যাণমন্ত্রীর বিবৃতির ওই বিষয়টি অর্থমন্ত্রীকে জানান। এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, ‘সিলেটে সরকারের সমালোচনা একটু বেশিই হয়। যখন গ্রামে যাই, এ ধরনের কিছু শুনি না, দাবিও কেউ করে না।’
নগরের কিনব্রিজ এলাকায় শুরু হওয়া বিভাগীয় বৃক্ষমেলা উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে ভূমির তুলনায় বৃক্ষ কম। এ জন্য নতুন বনায়ন সৃষ্টি করতে হবে। জীবনের তাগিদেই আমারদের বনায়ন করতে হবে।’

সিলেটের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।