সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেছেন, ‘বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদ-সমর্থক কিংবা জঙ্গিবাদের সঙ্গে সরাসরি জড়িত মানুষগুলো বসে আছে। সামরিক-বেসামরিক, আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রভাবশালী পর্যায়েও এরা রয়েছে।’
গতকাল শনিবার রাজধানীর এশিয়াটিক সোসাইটি মিলনায়তনে বাংলাদেশ যুব ইউনিয়নের জঙ্গিবাদবিরোধী জাতীয় যুব কনভেনশনে সুলতানা কামাল এসব কথা বলেন। তিনি বলেন, ‘১৯৭৫ থেকে ’৯০ পর্যন্ত সরাসরি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জঙ্গিবাদের বিস্তার ঘটেছে। ’৯০-পরবর্তী সময়েও যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে নিজেদের দাবি করে, তাদের মধ্যেও আপসকামিতা দেখা গেছে।’
সুলতানা কামাল বলেন, ‘যারা ’৭৫-এর সুবিধাভোগী, তারা সবাই ছিল পাকিস্তানের সামরিক একাডেমিতে প্রশিক্ষিত। জঙ্গিবাদের অত্যন্ত প্রকট, উৎকট, নৃশংস রূপ আমরা দেখছি। জঙ্গিবাদের ধারা সেই সময় (১৯৭৫ সাল) থেকে বাংলাদেশে ধীরে ধীরে সবকিছুর মধ্যে অনুপ্রবেশ করেছে।’ তিনি বলেন, ‘তিনজন অত্যন্ত নিকৃষ্ট ধরনের জঙ্গির বিচার শুরু করা যায়নি। এক মন্ত্রণালয় আরেক মন্ত্রণালয়কে দোষারোপ করছে। একজন বলছেন অনুমতি চাওয়া হয়নি, আরেকজন বলছেন দেওয়া হয়নি। এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার রয়েছে বা অন্য কোনো স্বার্থ জড়িত রয়েছে।’
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, বর্তমান সময়ে জঙ্গিবাদের বিস্তৃতি ইতিহাসের শাস্তি। কেননা, মুক্তিযুদ্ধের পর যে সাংস্কৃতিক বিপ্লব দরকার ছিল, সেটা হয়নি। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সপক্ষে কিছু করা হয়নি। এ সময় তিনি খসড়া ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করেন। তিনি একে ধর্মের বিরুদ্ধে ব্ল্যাসফেমি আইনের সঙ্গে তুলনা করেন।
সাবেক তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম বলেন, ‘এনকাউন্টার (বন্দুকযুদ্ধ) জঙ্গিবাদের সমাধান কি না, সেটা দেখতে হবে। আমরা জঙ্গিবাদে জড়িত হওয়ার কারণ বিশ্লেষণ করছি। ছেলেমেয়েরা কেন এতে জড়াচ্ছে, সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। এর বীজ অনেক গভীরে। শর্ষের মধ্যেই ভূত আছে।’
যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি হাসান হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সময় অধ্যাপক অজয় রায়, ঐক্য ন্যাপের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক এম এম আকাশ প্রমুখ বক্তব্য দেন।