যেসব রাজনীতিবিদ আদর্শ ও নৈতিকতা থেকে সমাজের মানুষের কল্যাণে কাজ করে থাকেন, তাঁদের সহযোগিতা করতে হবে। তাঁদের সঙ্গে যদি কারও দূরত্ব থাকে, তাহলে সমাজের স্বার্থে তা দূর করা উচিত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের হানিফ খান মিলনায়তনে একটি অনলাইন আঞ্চলিক দৈনিক আয়োজিত ‘নারায়ণগঞ্জে সুস্থ, সুন্দর ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।
মেয়র আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের নাম মুছে গিয়ে একজনের নামের নগরী হয়ে গিয়েছিল। আমি দুঃসাহসিকভাবে এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি। আর এ প্রতিবাদে সহযোগিতা করেছে এ শহরের অগণিত মানুষ। দীর্ঘ ১৪ বছর পর এ শহরের মানুষ এখন কথা বলে। অন্যায়ের প্রতিবাদ করে। আমার সঙ্গে অনেকের বিভাজন তৈরি হয়েছে ত্বকী, আশিক, ভুলু, চঞ্চল হত্যা নিয়ে। তবে কোনো রাজনৈতিক ব্যক্তি যদি ভালো কাজ করে আমি তাঁকে ধন্যবাদ জানাতে কার্পণ্য করব না।’
নারায়ণগঞ্জ বিডি ডট নেটের সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আবুল কালাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, জেলা বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, মহানগর বিএনপির সভাপতি এ টি এম কামাল, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ রুমন রেজা, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা আঞ্চলিক কমিটির সভাপতি কাউসার আহমেদ প্রমুখ। এতে সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন।
মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জে এখন ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা গণমাধ্যমগুলো মাদক ও সন্ত্রাসের সঙ্গে জড়িয়ে গণমাধ্যমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আর কিছু রাজনীতিবিদই তাদের সে সুযোগ করে দিচ্ছেন। কারণ, রাজনীতিবিদেরাও অনেক ক্ষেত্রে কলুষিত হয়ে পড়েছেন। নারায়ণগঞ্জের উন্নয়ন, সত্য প্রকাশ করা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবার প্রতি সাহসী ভূমিকা রাখার আহ্বান জানান মেয়র।
মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সুষ্ঠু সাংবাদিকতায় গণমাধ্যমের মালিকেরা অন্তরায়—এটা আজ সুস্পষ্ট। গণতন্ত্রকে রক্ষার জন্য গণমাধ্যমের কর্মীদের সবাইকে সাহসী ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, অনেক সময় রাজনীতিকেরাও সুষ্ঠু সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে থাকেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করলে হুমকি-ধমকি ও নির্যাতনের শিকার হন সাংবাদিকেরা।
আবদুল হাই বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য প্রথম দরকার সুস্থ মানসিকতা। রাজনীতিবিদেরা যদি সুস্থ মনমানসিকতা নিয়ে রাজনীতি করেন, তবেই গণতান্ত্রিক পরিবেশ সুস্থ হবে। সুষ্ঠু রাজনীতির জন্য সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি আর পেশিশক্তি।