
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করলেও কীভাবে এই সংকট মোকাবিলা করা হবে, সে বিষয়ে বিভিন্ন বন্ধুরাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার কূটনীতিকেরা স্পষ্ট করে কিছু বলেননি। তবে চলমান এই পরিস্থিতির অবসান হওয়া উচিত বলে মনে করেন তাঁরা। ৪২টি দেশ এবং চারটি আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক ও প্রতিনিধিরা গতকাল বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন।
বাংলাদেশ সরকারের উদ্যোগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারত, কানাডা, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া, তুরস্ক, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ ৪২টি দেশের কূটনীতিকেরা গতকাল উখিয়ায় যান। পরে তাঁরা সেখান থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের অস্থায়ী রোহিঙ্গা শিবিরে যান।
বিদেশি কূটনীতিকদের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বেলা ১১টার দিকে ঢাকা থেকে কূটনীতিকেরা প্রথমে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সড়কপথে ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে যান। তাঁরা শিবিরের ভেতরে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয়পত্র তৈরির জন্য লাইনে দাঁড়ানো রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
উখিয়ায় রোহিঙ্গা শিবির পরিদর্শনের সময় বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে তাদের অধিকার ফিরিয়ে দেওয়া, যাতে তারা নিজেদের দেশে ফিরে যেতে পারে।
একই বিষয়ে চীনের রাষ্ট্রদূত মা মিং কিয়ার বলেন, পরিস্থিতি শান্ত হতে হবে। পরিস্থিতির সমাধান অবশ্যই খুঁজে বের করতে হবে।
বৃষ্টিতে ভিজে প্রায় এক ঘণ্টা কূটনীতিকেরা কাদামাটির কয়েক কিলোমিটার রাস্তা পেরিয়ে উখিয়ার আশ্রয়কেন্দ্রের রোহিঙ্গাদের জীবন প্রত্যক্ষ করেন। রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। সেখানে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি কুলেনিয়ের সাংবাদিকদের বলেন, নিঃসন্দেহে এটি এখন মানবিক বিপর্যয়। বিষয়টি সেভাবেই দেখতে হবে। তাঁর দেশের সরকার ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে। অতিরিক্ত সহায়তাও দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘আমি নিশ্চিত, অন্য দেশগুলোও তাই করছে। এবং আমাকে অবশ্যই বাংলাদেশ সরকারের প্রশংসা করতে হবে এত মানুষকে উষ্ণতার সঙ্গে গ্রহণ করার জন্য।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত রিনা প্রিতিয়াসমিয়ারসি সোয়েমারনো বলেন, তারা (রোহিঙ্গারা) খুবই অসহায়, ক্লান্ত। রোহিঙ্গা সংকটে ইন্দোনেশিয়া সব সময় বাংলাদেশের সঙ্গে আছে, থাকবে।
পরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উখিয়ায় এসে অসহায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তিনি রোহিঙ্গাদের প্রতি অমানবিক আচরণ বন্ধ করতে বলেছেন এবং মিয়ানমারের প্রতি চাপ দিতে আন্তর্জাতিক মহলকে অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, মানবতার খাতিরে কয়েক লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের বায়োমেট্রিক পদ্ধতিতে তালিকা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে সব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব শহিদুল হক, কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার, পুলিশ সুপার ইকবাল হোসেন, কক্সবাজার জেলা পরিষদ প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা প্রমুখ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, যেসব রাষ্ট্রকে বিষয়টি অবহিত করা জরুরি, তাঁরা (কূটনীতিক) সবাই এসেছেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তাঁরা (কূটনীতিকরা) বাংলাদেশের প্রশংসা করেছেন। এই সংকটে তারা বাংলাদেশের পাশে থাকবে।
বেলা একটার দিকে কুতুপালং শিবিরের শেষ প্রান্তে ‘বালুর মাঠ’ এলাকায় কূটনীতিকদের রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। তিনি বলেন, এ পর্যন্ত ৪ লাখের বেশি রোহিঙ্গা ঢুকে পড়েছে। সীমান্তে অপেক্ষায় আছে আরও অনেক রোহিঙ্গা। কক্সবাজারে আগে থেকে অবস্থান করছে আরও চার লাখের বেশি রোহিঙ্গা। সব মিলিয়ে ৮ লাখের মতো রোহিঙ্গাকে সামলানো কঠিন হলেও মানবিক দিক বিবেচনা করেই বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে কূটনীতিকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও জলপাইতলী সীমান্তের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। তাঁরা দুটি শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন বলে জানান জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়। ওই দুই শিবিরের কয়েক শ গজ দূরেই মিয়ানমার।