প্রথম বর্ষের পরিচিতিমূলক ক্লাস (ওরিয়েন্টেশন) ও আসন্ন সমাবর্তনে অংশ নেবে না বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘সোনালী দল’। গতকাল বুধবার বিএনপিপন্থী শিক্ষকেরা তাঁদের ভাষায় সরকারের গণতন্ত্র হত্যা ও দুঃশাসনের প্রতিবাদে মৌন মিছিল শেষে এ তথ্য জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিতে বিএনপিপন্থী শিক্ষকদের ডাকা হলে তাঁদের বাধা দিয়ে ফুল দেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল সাধারণ সভা করে ছাত্রলীগের এমন কর্মকাণ্ডের বিচার দাবি করে। তারা উপাচার্যকে একটি স্মারকলিপি দেয়। তবে গত ২৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত একটি চিঠিতে ফুল না দেওয়ায় উল্টো সোনালী দলকে দোষী সাব্যস্ত করা হয়েছে বলে জানান বিএনপিপন্থী শিক্ষকেরা।
প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় সোনালী দল গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরিচিতিমূলক ক্লাস ও আসন্ন সমাবর্তনে অংশ নেবে না বলে জানিয়েছে। সোনালী দলের সভাপতি এ কে ফজলুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মো. গোলাম মর্তুজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে সংঘটিত ঘটনা প্রশাসনের আড়ালের অপচেষ্টা এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সোনালী দল আসন্ন ওরিয়েন্টেশন ও সমাবর্তনের সব কর্মসূচি থেকে বিরত থাকবে।
বর্তমান সরকারের বিরুদ্ধে গণতন্ত্র হত্যা ও দুঃশাসনের অভিযোগ এনে শিক্ষকেরা গতকাল বেলা ১১টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমবেত হন। পরে তাঁরা কালো ব্যাজ পরে মৌন মিছিল করেন। মিছিলটি বিভিন্ন অনুষদের ভবন ঘুরে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে শতাধিক শিক্ষক অংশ নেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সোনালী দলের সভাপতি বলেন, গণতন্ত্র আজ ইট-বালুর ট্রাকে বন্দী। খুব শিগগির তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটি নিরপেক্ষ নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি।
শিক্ষকদের ওরিয়েন্টেশন ও সমাবর্তনে যোগ না দেওয়ার বিষয়ে উপাচার্য মো. রফিকুল হক প্রথম আলোকে বলেন, বিএনপির আন্দোলনের অংশ হিসেবে তাঁরাও ক্যাম্পাসে আন্দোলন করছেন। ওরিয়েন্টেশন ও সমাবর্তনের বিষয়ে সোনালী দলের সঙ্গে আলোচনা করা হবে।