বগুড়ায় বিএনপি-সমর্থিত আইনজীবীদের কালো পতাকা মিছিলে গতকাল সোমবার ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বগুড়া জেলা কমিটির উপদেষ্টা সাবেক সাংসদ এ কে এম হাফিজুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান খান আহত হন।
হামলার প্রতিবাদে বিএনপি-সমর্থিত আইনজীবীদের সমাবেশ থেকে আজ মঙ্গলবার আধা বেলা আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়। আগে থেকেই প্রশাসন ১৪৪ ধারা জারি করে রাখায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশ করতে পারেনি। তবে গাবতলী সদরের উনচুরকি বাজারে ১৪৪ ধারা ভঙ্গ করে সমাবেশ করেছে বিএনপি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল তিনটায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেয়। পরে সমাবেশস্থলে সোমবার সকাল ছয়টা থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। এর পরও দুই দলই সমাবেশ করার ব্যাপারে অনড় থাকে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে গতকাল সকাল থেকে শহরে বিজিবি মোতায়েনের পাশাপাশি পুলিশ ও র্যা বের টহল জোরদার করা হয়।
সকাল থেকেই বিপুলসংখ্যক পুলিশ আলতাফুন্নেছা খেলার মাঠ ঘিরে ফেলে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যে সকালের দিকে শহরের কয়েকটি স্থানে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে শহরের ইয়াকুবিয়া মোড় এলাকায় পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে আতঙ্কে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়।
দুপুর ১২টা থেকে শহরের সাতমাথা এলাকায় অবস্থান নেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা শহরে গণতন্ত্রের বিজয় দিবসের মিছিল করেন। বেলা আড়াইটার দিকে বিএনপি-সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বগুড়া আদালত চত্বর থেকে কালো পতাকা হাতে মিছিল বের করে।
মিছিলটি শহরের সাতমাথা অতিক্রম করার সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ওই মিছিলে হামলা করেন। এতে সাবেক সাংসদ এ কে এম হাফিজুর রহমান ও জেলা আইনজীবী সমিতির নেতা আতাউর রহমান আহত হন। তাৎক্ষণিকভাবে বগুড়া আদালতের গওহর আলী ভবনের সামনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশ থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয়। ওই ঘটনার পর সার্কিট হাউস মোড়সংলগ্ন সাতমাথার প্রবেশপথ কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধ করে দেয় পুলিশ।
শহর আওয়ামী লীগ সাতমাথা-টেম্পল সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। এতে শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান সভাপতিত্ব করেন।
এ ছাড়া বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সমাবেশ করে শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে। সেখানে জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বাসেদ জানান, তাঁদের মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরাই পুলিশের সামনে হামলা করে।
তবে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাশরাফি হিরো জানান, ওই হামলার সঙ্গে ছাত্রলীগের কেউ জড়িত নন।
সহকারী পুলিশ সুপার নাজির আহমেদ খান দাবি করেন, আইনজীবীদের মিছিলে হামলার কোনো ঘটনা ঘটেনি।