সমাবেশে আসছেন নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন।
সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সকালে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
মাসুদুর রহমান বলেন, ঢাকা মহানগরে সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হয়েছে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ডিএমপি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।
আজ বেলা দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা। সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বেলা একটা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা। তাঁরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। মঞ্চের মাইক থেকে সমাবেশে আসা নেতা-কর্মীদের স্বাগত জানানো হচ্ছে।
সমাবেশ সফল করতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা হয়েছে। কেন্দ্রীয় আওয়ামী লীগ ঢাকার পার্শ্ববর্তী জেলার নেতাদের নিয়ে বৈঠক করেছে। নির্বাচনের বর্ষপূর্তির সমাবেশ করতে না পারায় আজকে বড় রকমের লোকসমাগম করতে চায় দলটি। গতকাল বিকেলে সমাবেশস্থল পরিদর্শন করেন আওয়ামী লীগের নেতারা।