সমাবেশে আসামিদের গ্রেপ্তারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলে নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা l প্রথম আলো
নড়াইলে নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদ ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল সমাবেশে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা l প্রথম আলো

নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ হয়েছে। গতকাল বুধবার নড়াইল শহরের রূপগঞ্জ মুচিরপোল প্রজন্ম চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে নড়াইল-২ আসনের সাংসদ ও জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শেখ হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন দলটির পলিটব্যুরো সদস্য সাংসদ মুস্তফা লুৎফুল্লাহ, বিমল বিশ্বাস ও ইকবাল কবির, জেলা জাসদের সভাপতি হেমায়েত উল্লাহ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
ফজলে হোসেন বাদশা বলেন, ‘নজরুল ইসলামের ওপর হামলা স্বাধীনতাবিরোধীদের ষড়যন্ত্রের অংশ। শেখ হাসিনার ভাবমূর্তি রক্ষায় তাঁদের দল থেকে বহিষ্কার করতে হবে। সন্ত্রাসী, ভূমিদস্যু ও জুয়াড়িদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।’ নজরুল ইসলামের ওপর হামলাকারী আসামি ছাত্রলীগের নেতারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ ধরছে না বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। অবিলম্বে আসামিদের গ্রেপ্তারের তিনিসহ অন্য বক্তারা দাবি জানান।
নড়াইল শহরের কুড়িরডোব মাঠে গত ১৩ অক্টোবর থেকে মাসব্যাপী বস্ত্র ও তাতশিল্প মেলা হয়। এতে র‍্যাফল ড্রয়ের নামে জুয়া চালানোর অভিযোগ ওঠে। জুয়া বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে আন্দোলন হয়। এতে নজরুল ইসলাম ছিলেন। আন্দোলনের একপর্যায়ে প্রশাসন র‍্যাফল ড্র বন্ধ করে।

২৫ অক্টোবর সন্ধ্যায় নড়াইল শহরের রূপগঞ্জে মুস্তারী কমপ্লেক্স মার্কেটের সামনে নজরুল ইসলাম দলীয় কর্মীদের সঙ্গে বসে ছিলেন। তখন সন্ত্রাসী হামলার শিকার হয়ে তিনি আহত হন।

এ ঘটনায় পরদিন তাঁর ভাতিজা করিমুল হক বাদী হয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান মুকুলকে প্রধান আসামি করে ছয়জনের নামে স্থানীয় থানায় হত্যাচেষ্টার মামলা করেন। এতে দুজন গ্রেপ্তার হলেও প্রধান আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।