সমাবেশে খালেদাকে কটাক্ষ

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাটক ও মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতারা। আজ সোমবার বেলা আড়াইটার দিকে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল পাঠের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।
সমাবেশে খাদ্যমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বিএনপির উদ্দেশে বলেন, ‘এটা সুস্থ রাজনীতির জায়গা। জনগণ এদের ধাওয়া করবে। এদের যতদিন বিতাড়িত করা না যাবে, ততদিন দেশে স্বস্তি আসবে না। সন্ত্রাসীদের সঙ্গে কোনো আলোচনা হবে না বলে তিনি মন্তব্য করেন।’
ছাত্রলীগ নেতার বক্তব্য দিয়ে সমাবেশ শুরু

ত্রাণমন্ত্রী ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আগে ছিলেন বিশ্ব বেহায়া। এবার ধরা পড়ে গেছে বিশ্ব মিথ্যাবাদী। জানেন তো, এটা কে? এটা খালেদা জিয়া। তিনি এখন ইন্টারন্যাশনাল টাউটগিরি করছেন।’ তিনি বলেন, ২০২০ সালের ৫ জানুয়ারির আগে নির্বাচন হবে না।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলে করিম সেলিম বলেন, ‘খালেদা জিয়া সন্ত্রাসীদের গডফাদার। তাঁর ছেলে উন্মাদ। ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ, তারা যেন তাঁর চিকিৎসা করে। যদি তারা চিকিৎসা করতে না পারে তাহলে আমাদেরকে দিয়ে দেওয়া হোক। আমরা জানি কীভাবে পাগলের চিকিৎসা করতে হয়। সারা জীবনে আর কোনো পাগলামি করবে না।’সমাবেশে প্রথমেই বক্তব্য দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন বাংলাদেশ ক্ষুধা, দারিদ্র্য বিমোচন করে উন্নতির দিকে যাচ্ছে, তখনই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নাটক শুরু করেছেন। সারা বাংলাদেশের নিরীহ মানুষের ওপর আক্রমণ চালাচ্ছেন। পেট্রলবোমা, গানপাউডার দিয়ে মানুষ পুড়িয়ে মারা হচ্ছে।
খালেদা জিয়া গুলশান কার্যালয়ে বসে আন্দোলনের ডাক দিয়েছেন এবং জনগণ সে আহ্বান প্রত্যাখ্যান করেছে, বলে মন্তব্য করেন ছাত্রলীগের নেতা সিদ্দিকী নাজমুল আলম। তিনি বিএনপির উদ্দেশে বলেন, ‘বিশ্বনেতাদের নামে তাঁদের স্বাক্ষর জালিয়াতি করে তারা দেউলিয়া সংগঠনের পরিচয় দিয়েছে। খালেদা জিয়ার ওপর ভূত চেপেছে। ছাত্রলীগ জানে কীভাবে সেই ভূত ছাড়াতে হয়। কীভাবে শায়েস্তা করতে হয়।’ তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, জাতির জনককে নিয়ে লন্ডনে বসে যে বেয়াদব মিথ্যা রটনা করছেন, ক্ষমা না চাওয়া পর্যন্ত তাঁদের কোথাও সমাবেশ করতে দেওয়া হবে না।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে বক্তব্য চলার সময় সেখান থেকে দুজনকে পুলিশ আটক করে নিয়ে গেছে। তাঁদের কাছে বিস্ফোরক দ্রব্য ছিল বলে পুলিশ জানিয়েছে।

সমাবেশের কারণে রাজধানীর শাহবাগ থেকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শাহবাগ থেকে কোনো দিকেই কোনো গাড়ি চলছে না। ওই রাস্তায় সমাবেশে আসা মানুষের মিছিল যাচ্ছে। সমাবেশে আসা যানবাহনগুলোও রাস্তায় এলোমেলোভাবে রাখা হয়েছে।
সকালে সমাবেশ করতে আওয়ামী লীগকে অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. মাসুদুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। মাসুদুর রহমান বলেন, ঢাকা মহানগরে সমাবেশের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার করা হয়েছে।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ডিএমপি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে।
সমাবেশে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বেলা একটা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলীয় নেতা-কর্মীরা। তাঁরা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকেন। মঞ্চের মাইক থেকে সমাবেশে আসা নেতা-কর্মীদের স্বাগত জানানো হয়।
আরও পড়ুন: