সমাবেশের অনুমতি ডিএমপির, বিএনপির 'না'
২৭টি শর্তে বিএনপিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে আজ মঙ্গলবার ‘আলোচনা সভা’ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বেলা একটার সময় অনুমতি দেওয়ার কথা জানিয়ে ডিএমপি বলে, বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত এই অনুমতি বহাল থাকবে। এ সময়ের মধ্যেই ‘আলোচনা সভা’টি করতে হবে। তবে ডিএমপির এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী সাফ জানিয়ে দেন, তারা এখানে আলোচনা সভা বা সমাবেশের কোনো অনুমতি চাননি। তাই এখানে বিএনপির পক্ষ থেকে কিছু করা হবে না।
গত ২৪ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ৭ বা ৮ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়ে ডিএমপির কাছে আবেদন করেছিল বিএনপি। গত ৩ নভেম্বর রাতে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, একাধিক রাজনৈতিক দল ওই দুই দিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চাওয়ায় কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। এরপর ৮ নভেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে বিএনপি। তবে ‘সড়কে সমাবেশ করা যাবে না’—মর্মে বিএনপিকে গতকাল সোমবার রাতে চিঠি দিয়ে জানিয়ে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
নিজেদের চাওয়া তারিখে সমাবেশের অনুমতি না পেয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বেলা পৌনে একটার দিকে ১৩ নভেম্বর রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার নতুন তারিখ ঘোষণা করেন। এর ঠিক ১৫ মিনিট পর ডিএমপি থেকে খবর আসে, ২৭ শর্তে বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের ভেতরে ‘আলোচনা সভা’ করার অনুমতি দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বরাবর ডিএমপি কমিশনারের বিশেষ সহকারী সুদীপ কুমার চক্রবর্তী স্বাক্ষরিত ওই অনুমতিপত্রের শর্তে রয়েছে—এই অনুমতিপত্র স্থান ব্যবহারের অনুমতি নয়; স্থান ব্যবহারের জন্য অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের অভ্যন্তরে আলোচনা সভার যাবতীয় কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে; আলোচনা সভার নিরাপত্তার জন্য নিজস্ব স্বেচ্ছাসেবক (দৃশ্যমান আইডি কার্ডসহ) নিয়োগ করতে হবে; স্থানীয় পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী নিজস্ব ব্যবস্থাপনায় আলোচনাসভা স্থলের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে; নিজস্ব ব্যবস্থায় ভেইকল স্ক্যানার বা সার্চ মিররের মাধ্যমে আলোচনা সভাস্থলে আসা সব যানবাহনে তল্লাশির ব্যবস্থা করতে হবে; নিজস্ব ব্যবস্থাপনায় আলোচনা সভাস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে বা সড়কের পাশে মাইক/সাউন্ডবক্স ব্যবহার করা যাবে না; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে বা সড়কের পাশে প্রজেকশন স্থাপন করা যাবে না; ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের বাইরে, রাস্তায় বা ফুটপাতের কোথাও লোক সমবেত না হওয়া ইত্যাদি। এ ছাড়া বিকেল সাড়ে চারটার মধ্যে সমাবেশ শেষ এবং মিছিল সহকারে ‘আলোচনা সভায়’ না আসার জন্য অনুমতিপত্রে বলা হয়েছে।
২৭টি শর্তে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘আলোচনা সভা’ করার অনুমতি প্রসঙ্গে রুহুল কবির রিজভী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আমরা সমাবেশের অনুমতি চাইনি। আমাদের সিদ্ধান্ত হয়েছে, ১৩ তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করব, অন্য কোথাও নয়।’ তিনি আরও বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বরের সমাবেশের ব্যাপারে আইনি প্রক্রিয়া, অর্থাৎ পুলিশকে চিঠি দেওয়া, গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দেওয়া—কাজগুলো বিএনপি শুরু করেছে।
আরও পড়ুন: