সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ টালবাহানা করছে: বিএনপি
‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিতে পুলিশ টালবাহানা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই অভিযোগ করেন। একই সঙ্গে রিজভী অভিযোগ করেন, বিভাজনের নীতি গ্রহণ করে আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে ‘সার্জিক্যাল অপারেশন’ চালাচ্ছে।
৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যান ও নয়াপল্টনে সমাবেশের অনুমতি না পেয়ে ১৩ নভেম্বর নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি। এখনো পুলিশ অনুমতি দেয়নি।
রিজভী বলেন, বিএনপির সমাবেশকে নিয়ে পুলিশের টালবাহানা ও কর্মসূচি অনুষ্ঠানের অনুমতি প্রদানে গড়িমসি করা দেশে বিদ্যমান বিকৃত শাসনেরই প্রতিফলন। এতে রাষ্ট্রের অমানবিক চেহারাটাই ফুটে ওঠে। শাসকগোষ্ঠী এবং তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয় ও শঙ্কার রোগে ভুগছে। মানুষের জমায়েতের কথা শুনলেই তারা শঙ্কিত হয়ে ওঠে।
সমাবেশের অনুমতি পাবেন আশা করে পুলিশের উদ্দেশে রিজভী বলেন, ‘বিএনপিকে জনসভার অনুমতি দানে কোনো প্রকার টালবাহানা, গড়িমসি না করে আজকেই জনসভা অনুষ্ঠানের অনুমতি দেবেন। আপনারা আওয়ামী লীগের নয়, জনগণের সেবক হিসেবে আইনানুগ আচরণ করুন। পৃথিবীতে কখনোই প্রশাসনকে দলীয়করণ করে কোনো একদলীয় শাসনব্যবস্থার একনায়কের শেষরক্ষা হয়নি।’
রিজভী দাবি করেন, দেশে হিন্দু সম্প্রদায়ের ওপর যত জুলুম-নির্যাতন, তাদের জোত-জমি দখল, তাদের দেবালয়সহ বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে, তার জন্য দায়ী একমাত্র আওয়ামী লীগ। ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর থেকেই তাদের ঐতিহ্য অনুযায়ী ক্ষমতাসীন দল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের জানমাল, সম্ভ্রমের ওপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। ২০১৪ সালে সাতক্ষীরায় হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি জবরদখলের মদদ দেয় আওয়ামী লীগ নেতা, লালমনিরহাটে হিন্দু পরিবারের ওপর হামলার মামলা না নিয়ে উল্টো আটক করা হয় অভিযোগকারীকে, নেত্রকোনার মদনে মণ্ডপে পূজা কমিটির ওপর হামলা চালান ছাত্রলীগ নেতা-কর্মীরা, ময়মনসিংহের গফরগাঁওয়ে সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার নির্দেশ দেন আওয়ামী ইউপি চেয়ারম্যান, মুন্সিগঞ্জের শ্রীনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল করে স্থাপনা নির্মাণ করেন উপজেলা আওয়ামী লীগের এক নেতা। রিজভী বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় সরকারি-বেসরকারি সব প্রতিবেদনে ক্ষমতাসীনদের সংশ্লিষ্টতা সুস্পষ্টভাবে উঠে এসে এসেছে। এই ঘটনা যে স্থানীয় এমপি ও মন্ত্রীর কোন্দলের বহিঃপ্রকাশ, সেটি আর কারও জানতে বাকি নেই।