সমাবেশের অনুমতি মিলবে, আশা বিএনপির
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, ৮ নভেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার ন্যক্কারজনক খেলায় মেতে উঠেছে। তিনি বলেন, বিএনপি এখনো দৃঢ়ভাবে বিশ্বাস করে, আগামী মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পাওয়া যাবে।
আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, এর আগে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি নিয়ে পুলিশ প্রশাসন যে অজুহাত উত্থাপন করে সমাবেশ অনুষ্ঠান বানচাল করেছে, তা কেবল অনাচারমূলক রাষ্ট্রেই সম্ভব হয়। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি কেন দেওয়া হয়নি, সেটি কারও জানতে বাকি নেই। তারপরও পুলিশের বক্তব্য মেনে নিয়ে বিএনপি দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ করার অনুমতি চেয়ে চিঠি দিয়েছে। এটি নিয়েও পুলিশ প্রশাসনের বিভ্রান্তিমূলক কথাবার্তা দেশবাসীকে হতবাক করেছে।
রিজভী বলেন, ‘বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকে হরণ করার নিষ্ঠুর যন্ত্রে পরিণত করতে দিয়ে পুলিশের ভাবমূর্তি এখন অলক্ষ্য কৃষ্ণগহ্বরের মধ্যে নিক্ষেপিত হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে দখলকারী কায়েমি স্বার্থবাদী শাসকগোষ্ঠীর হাতিয়ারে পরিণত না হয়ে দেশের আইনসম্মত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে পুলিশ-র্যাব ও জনপ্রশাসনের কাজ করা উচিত। বিরোধী দলের প্রতি সরকারের অনড়তা, একগুঁয়েমি ও বৈরিতা সমর্থনকারী অনুগত বাহিনী হিসেবে পরিচিতি লাভ করা থেকে বেরিয়ে আসা উচিত পুলিশ, র্যাব তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।’
রিজভী দাবি করেন, ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে জিয়াউর রহমানের কবরে রক্তদান কর্মসূচি পালনের লক্ষ্যে প্যান্ডেল তৈরি করলে পুলিশ তা ভেঙে লোকজনকে তাড়িয়ে দিয়েছে। এ ছাড়া ঢাকা ও নরসিংদীতে দলের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এসব ঘটনার নিন্দা জানান।
রিজভী জানান, আগামীকাল সোমবার ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাবেন এবং ফাতেহা পাঠ করবেন।