সমাবেশের আশঙ্কায় সাত ঘণ্টা অবরুদ্ধ গুলশান-বনানী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসল্লির ছদ্মাবরণে বিএনপি ও জামায়াতের কর্মীরা গুলশানে জড়ো হতে পারেন—এমন আশঙ্কায় গতকাল রোববার সকাল থেকে সাত ঘণ্টা গুলশান, বনানী, বারিধারা ও বারিধারা ডিওএইচএস চারদিক দিক থেকে ঘিরে রাখে পুলিশ। এ সময় বাইরে থেকে আসা কোনো যানবাহন এসব এলাকায় ঢুকতে দেওয়া হয়নি। যাঁরা হেঁটে প্রবেশ করেছেন, তাঁদেরও দফায় দফায় তল্লাশির মুখে পড়তে হয়েছে।
আর এই গুলশানেই নিজের কার্যালয়ে নবম দিনের মতো অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তাঁর কার্যালয়ে ঢোকার ও বের হওয়ার মূল গেটে এখন আর পুলিশের তালা নেই।
এভাবে চারদিকে পুলিশি ‘অবরোধ’ নিয়ে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবির প্রথম আলোকে বলেন, ‘গুলশান হলো একটি কূটনৈতিক এলাকা। এসব এলাকার নিরাপত্তার ব্যাপারটি খুবই স্পর্শকাতর। কিন্তু ইজতেমায় যাঁরা আসেন, তাঁরা সাধারণ মানুষ। এরা অতশত বোঝেন না, যার যেভাবে ইচ্ছে ঢুকে পড়েন। এতে নিরাপত্তা বিঘ্নিত হয়। এ কারণে ইজতেমার লোকজন যাতে ঠিকমতো রাস্তায় চলতে পারেন, সে কারণে কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছিল। দুপুরের পর তা আবার খুলে দেওয়া হয়।’
ঢাকা মহানগর পুলিশের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, সরকারের একটি গোয়েন্দা সংস্থার আশঙ্কা ছিল, হেফাজত কর্মীদের মতো করে বিএনপি ও জামায়াতের কর্মীরা খালেদা জিয়াকে মুক্ত করতে গুলশানের বিভিন্ন সড়ক দিয়ে জড়ো হতে পারেন। এমন খবরে শনিবার রাতেই সরকারের উচ্চপর্যায় থেকে গুলশান ঘিরে রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত প্রায় এক হাজার পুলিশ গুলশান, বনানী, বারিধারা ও বারিধারা ডিওএইচএসের প্রবেশের সব সড়কমুখে অবস্থান নিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে রাখে।
হাশমতুজ্জামান নামের এক প্রকৌশলী প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে বনশ্রীর বাসা থেকে গাড়ি চালিয়ে গুলশান ১ নম্বর লিঙ্ক রোডে এসে দেখেন পুলিশ ওই সড়ক বন্ধ করে দিয়েছে। এরপর তিনি গুলশান-২ নম্বরে আমেরিকান দূতাবাসের সামনের সড়ক দিয়ে প্রবেশের চেষ্টা করেন। সেখানেও বাধা পান। তিনি বলেন, ‘মনে করেছিলাম বারিধারার ভেতরের রাস্তা দিয়ে ঢোকা যাবে। কিন্তু সেখানে দেখি সব রাস্তা বন্ধ। কেউ কারণ বলতে পারেননি।’ ওই প্রকৌশলী বলেন, তাঁর মতো অনেক লোক কাজে যেতে বিপাকে পড়েছেন।
বেলা সাড়ে ১১টার দিকে গুলশান ১ নম্বরে শ্যুটিং রেঞ্জের সামনে গিয়ে দেখা যায়, এক নারী পুলিশের সঙ্গে আরেক নারী তর্কে লিপ্ত। পরিচয় জানতে চাইলে বলেন, তিনি ভারতীয় হাইকমিশনের ভিসাপ্রার্থী। কিন্তু পুলিশ যেতে দিচ্ছে না। প্রথম আলো প্রতিনিধির উপস্থিতিতে সেখানে দায়িত্বরত আরেক পুলিশ সদস্য গাড়ি রেখে হেঁটে যেতে অনুরোধ করলে তিনি হেঁটেই হাইকমিশনের দিকে যান।
কবির হোসেন নামের ইজতেমা থেকে ফেরা এক মুসল্লি অভিযোগ করেন, কুড়িল ফ্লাইওভার থেকে নামা যানবাহন গুলশানের দিকে যেতে দিচ্ছে না পুলিশ। এসব যানকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছু ব্যক্তিগত গাড়িকে আসার অনুমতি দিলেও তারা যেন গুলশানে না যায়, তাও বলে দেওয়া হচ্ছে। হাতে গোনা কয়েকটি যাত্রীবাহী বাস রামপুরা-কুড়িল সড়কে দেখা গেছে বলে তিনি জানান।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহাবুব হাসান প্রথম আলোকে বলেন, নিরাপত্তার কারণে কিছু সড়ক বন্ধ ছিল, তবে বেলা তিনটার পর থেকে সব সড়ক খুলে দেওয়া হয়েছে। এসব এলাকায় যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
গেটের তালা খোলা, কার্যালয় অবরুদ্ধ: নবম দিনের মতো গুলশানে নিজের কার্যালয়ে অবরুদ্ধ হয়ে আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তবে তাঁর কার্যালয়ে ঢোকার ও বের হওয়ার মূল গেটে এখন আর পুলিশের তালা নেই। অন্যান্য দিনের মতো পুলিশ কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। কার্যালয় থেকে বের হয়ে বাঁ দিকে যাওয়ার পথে একটি জলকামান ও ডান দিকে যাওয়ার পথে দুটি পুলিশ ভ্যান রেখে প্রতিবদ্ধকতা তৈরি করা হয়েছে। তবে পুলিশের সংখ্যা অনেকটা কমে এসেছে। পুলিশ ৮৬ নম্বর সড়কে ঢোকার মুখে ব্যারিকেড তৈরি করায় ওই পথ দিয়ে কেউ চলাচল করতে পারছে না।
খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির জানিয়েছেন, সকালে বিএনপির চেয়ারপারসন বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।
এর আগে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কার্যালয়ের দুই পাশের সড়কে পাঁচটি ট্রাক এনে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। সাড়ে ১২টার মধ্যে ট্রাকগুলো সড়কের মধ্য থেকে সরিয়ে সড়কের এক পাশে রাখা হয়। আবার ট্রাক কেন—এমন প্রশ্ন করা হলে সেখানে দায়িত্বপ্রাপ্ত পুলিশের এক সদস্য হেসে প্রথম আলোকে বলেন, ‘ট্রাকগুলো এখানে এসে নষ্ট হয়ে গেছে।’
গতকাল খালেদা জিয়ার সঙ্গে কয়েকজন সাবেক নারী সাংসদ ও ছাত্রদলের নেত্রী দেখা করেছেন। পুলিশের অনুমতি নিয়েই তাঁরা ভেতরে যান বলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।