সমাবেশের জন্য বিকল্প জায়গা চাইবে বিএনপি
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ৭ নভেম্বর সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প জায়গা চাইবে। তিনি আশা করছেন, তাঁরা সেখানে সমাবেশ করার অনুমতি পাবেন।
আজ শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে যান মির্জা ফখরুল।
৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি। ৭ বা ৮ নভেম্বর এই সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিল দলটি। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, ৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, এর মাধ্যমে প্রমাণিত হলো সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। ভিন্নমতে বিশ্বাস করে না। এ ঘটনার মধ্য দিয়ে সরকারের স্বরূপ উন্মোচিত হয়েছে। সরকার যে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চাইছে, এটি তারই প্রতিফলন।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তিনি বলেন, একটি মহল, যারা গণতন্ত্রের দাবি থেকে দৃষ্টি সরিয়ে দিতে চায়, তারা এ ধরনের হীন কার্যকলাপে জড়িত। তিনি অভিযোগ করেন, নাসিরনগরের ঘটনায় স্থানীয় প্রশাসনের গাফিলতি ছিল। যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, তারা তা নেয়নি। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি তীব্রভাবে নিচের দিকে নেমে গেছে। সরকার মানুষের সমস্যা সমাধান না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। যার ফলে এ ধরনের ঘটনাগুলো ঘটছে।
শ্রদ্ধা জানানোর সময় অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির, স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সভাপতি শফিউল বারী ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।